আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস ফিল্ডিং বেছে নিয়েছে নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিকদের শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব জানিয়েছেন, টসে জিতলে আগে ব্যাটিং বেছে নিতেন। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই।

বিজ্ঞাপন

কিউই অধিনায়ক জানিয়েছেন, একাদশে একটি বদল এসেছে। কোল ম্যাকোনকির জায়গায় একাদশে জায়গা করে নিয়েছেন জ্যাকব ডাফি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ফাইনালের মহামঞ্চে পা রেখেছে মিচেল স্যান্টনারের দল, প্রতিপক্ষ ভারত, যাদের দখলে আছে ২০ ওভারের দুটি ট্রফি। তৃতীয়টির লক্ষ্য নিয়েই ঘরের মাঠে নামবে তারা। আর নিউজিল্যান্ড নামবে প্রথম শিরোপায় চোখ রেখে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠ গড়াবে দুদলের মহারণ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম শিরোপা জিতেছে ২০০৭ সালে। পরেরটি এসেছে ২০২৪ সালে। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। তদুপরি ঘরের মাঠে খেলা হওয়ায় স্বাগতিকের সুবিধাও তাদের পক্ষে।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে পেরেছে একবারই, ২০১১ সালে। সেই আসরে প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপার স্বপ্ন ধূসর হয়ে যায় কেন উইলিয়ামসনের দলের। আগে-পিছে আর কোনো আসরের ফাইনালে উঠতে না পারা কিউইদের সামনে এবার ইতিহাস গড়ার সুযোগ।

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ফাইনালের পিচ হবে রানপ্রসবা। লাল ও কালো মাটির মিশ্রণে বানানো এ পিচ অতিরিক্ত শ্লথ হবে না। আবার অতিরিক্ত বাউন্সও থাকবে না।

ভারত একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, অর্শদীপ সিং, বরুন চক্রবর্তী ও যশপ্রীত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও লকি ফার্গুসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...