থাকছে হাফ টাইম শো

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সমাপনী

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সমাপনী

ক্রীড়া জগতের সর্ববৃহৎ আসর 'ফিফা বিশ্বকাপ ২০২৬' বিদায়লগ্নে এসে দাঁড়িয়েছে। মাঠের লড়াইয়ে বিশ্বসেরা হওয়ার চূড়ান্ত পরীক্ষায় নামছে স্পেন ও আর্জেন্টিনা। তবে এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচ শুরুর আগেই গ্যালারি এবং টিভির পর্দায় চোখ রাখা কোটি কোটি দর্শককে এক অভূতপূর্ব অভিজ্ঞতার মুখোমুখি করতে যাচ্ছে ফিফা। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে এবার বসছে ইতিহাসের সবচেয়ে তারকাখচিত ও ব্যয়বহুল সমাপনী উৎসব।

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর ঠিক ৯০ মিনিট আগে শুরু হওয়া এই অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে থাকছেন মার্কিন পপ-আইকন পোস্ট ম্যালোন। তবে ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে অপেক্ষা করছে হলিউড মেগাস্টার টম ক্রুজ-এর উপস্থিতি। ফিফা জানিয়েছে, ফুটবল ও সিনেমার এক অনন্য মেলবন্ধন দেখা যাবে টম ক্রুজের এই বিশেষ পারফরম্যান্সে।

আমেরিকার জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন। এছাড়াও মঞ্চ মাতাতে প্রস্তুত ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস, ইতালিয়ান সেনসেশন লাউরা পাউসিনি এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো ইনফ্লুয়েন্সার আইশোপিড।

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হলো প্রথমার্ধের খেলা শেষের 'হাফ-টাইম শো'। আমেরিকার বিখ্যাত 'সুপার বোল'-এর আদলে ফুটবল বিশ্বকাপে এই প্রথম মাত্র ১১ মিনিটের মিউজিক্যাল শোর আয়োজন করা হয়েছে।

কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন-এর কিউরেশনে এই ১১ মিনিটে মঞ্চে ঝড় তুলবেন বিশ্বসংগীতের চার মহারথী— কে-পপ সম্রাট বিটিএস, গ্লোবাল পপস্টার জাস্টিন বিবার, পপ সম্রাজ্ঞী ম্যাডোনা এবং ল্যাটিন কুইন শাকিরা। শাকিরা ও আফ্রোবিট তারকা বার্না বয় তাদের বিশ্বকাপ থিম সং 'দাই দাই' দিয়ে স্টেডিয়ামের ৯০ হাজার দর্শককে একসঙ্গে নাচিয়ে তুলবেন বলে ধারণা করা হচ্ছে।

সমাপনী অনুষ্ঠান এবং হাফ-টাইম শোর আলো ঝলমলে আবহ শেষ হতেই শুরু হবে আসল যুদ্ধ। একদিকে ক্যারিয়ারের শেষলগ্নে দাঁড়িয়ে আরও একটি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে লিওনেল মেসি, অন্যদিকে ফুটবল বিশ্বের নতুন বিস্ময় বালক লামিনে ইয়ামালের স্প্যানিশ আর্মাডা। সুর আর ফুটবলের এই মহাকাব্যিক রাতটি ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে বহু বছর দাগ কেটে থাকবে, তা বলাই বাহুল্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন