চ্যাম্পিয়নরা পাবেন পাঁচ কোটি ডলার

চ্যাম্পিয়নরা পাবেন পাঁচ কোটি ডলার

শেষের পথে ফিফা বিশ্বকাপ ২০২৬। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালে শেষ হবে টুর্নামেন্ট। এবারের আসরে রেকর্ড সর্বোচ্চ ৪৮টি দল অংশ নেয়। এবার ম্যাচও হয়েছে বেশি। তাতে ফিফার আয়ও বেড়েছে। তবে দলগুলোকে বঞ্চিত করছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পাবেন রেকর্ড পাঁচ কোটি ডলার (প্রায় ৩৭৪ কোটি টাকা)। আর রানার্সআপ দল পাবে তিন কোটি ৩০ লাখ ডলার। তৃতীয় হওয়া দল পাবে দুই কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে দুই কোটি ৭০ লাখ ডলার। কোয়ার্টার ফাইনালে খেলা দল পাবে এক কোটি ৯০ লাখ ডলার। রাউন্ড অব সিক্সটিনে খেলা দলগুলো পাবে এক কোটি ৫০ লাখ ডলার করে। আর শেষ বত্রিশ পর্বে খেলা প্রতিটি দল পাবে এক কোটি ১০ লাখ ডলার করে। শুধু তাই নয়, টুর্নামেন্টে অংশ নেওয়ায় প্রত্যেক দল পাবে এক কোটি ৫ লাখ ডলার অর্থ পুরস্কার। এর মধ্যে যারা গ্রুপ পর্ব থেকেই থেকে বিদায় নেয় তাদের জন্য বরাদ্দ ৯০ লাখ ডলার এবং ‘প্রস্তুতি খরচ’ হিসেবে পাবে আরো ১৫ লাখ ডলার। ফিফা অলাভজনক সংস্থা। ২০২২ বিশ্বকাপে ফিফার আয়ের পরিমাণ ছিল ৭৬০ কোটি ডলার। এবার সেই আয় এক হাজার ৩০০ কোটি ডলারে (১৩ বিলিয়ন ডলার) পৌঁছাবে। আয় বৃদ্ধি পাওয়ায় অর্থ পুরস্কারও বাড়িয়েছে ফিফা। গতবার কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল চার কোটি ২০ লাখ ডলার। এবার ৮০ লাখ ডলার বেড়েছে। রানার্সআপ দল ৩০ লাখ ডলার বেশি পাবে। আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলো আগের চেয়ে ২০ লাখ ডলার বেশি পাবে।

বিজ্ঞাপন

একনজরে ফিফার প্রাইজমানি

• চ্যাম্পিয়ন : ৫০ মিলিয়ন ডলার

• রানার্সআপ : ৩৩ মিলিয়ন ডলার

• তৃতীয় স্থান : ২৯ মিলিয়ন ডলার

• চতুর্থ স্থান : ২৭ মিলিয়ন ডলার

• কোয়ার্টার ফাইনাল : ১৯ মিলিয়ন ডলার

• রাউন্ড অব সিক্সটিন : ১৫ মিলিয়ন ডলার

• শেষ বত্রিশ : ১১ মিলিয়ন ডলার

• গ্রুপ পর্ব : ৯ মিলিয়ন ডলার এবং অতিরিক্ত ১.৫ মিলিয়ন ডলার

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন