রোনালদোর মহানুভবতায় ভূমিকম্পে পা হারানো খুদে ভক্তের স্বপ্নপূরণ

স্পোর্টস রিপোর্টার

রোনালদোর মহানুভবতায় ভূমিকম্পে পা হারানো খুদে ভক্তের স্বপ্নপূরণ

বিশ্বকাপের মাঠে পর্তুগালকে শেষ ষোলোর টিকিট এনে দিয়ে আবারো খবরের শিরোনামে ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার শুধু মাঠের ফুটবলশৈলী নয়, মাঠের বাইরের এক অনন্য মানবিকতায় বিশ্ববাসীর নজর কাড়লেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো ছোট্ট এক ভক্তের আজন্ম লালিত স্বপ্ন পূরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সিআর সেভেন।
সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানে একাধিক শক্তিশালী ভূমিকম্প। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেসও এই ভয়াবহ দুর্যোগের শিকার। ভূমিকম্পের আঘাতে সে তার একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জীবন বদলে দেওয়া এমন কঠিন পরিস্থিতির মধ্যেও আন্দ্রেসের মনে ছিল ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা। হাসপাতালের বিছানায় শুয়ে তার একটি ছোট্ট আকাঙ্ক্ষা ছিল-বিশ্বকাপের স্টিকার অ্যালবামের জন্য সে তার প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি অফিসিয়াল স্টিকার সংগ্রহ করতে চেয়েছিল।
ছোট্ট আন্দ্রেসের এই ইচ্ছার কথা সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে একসময় পৌঁছে যায় খোদ রোনালদোর কান পর্যন্ত। খবরটি জানার পর নিজেকে আর দূরে রাখতে পারেননি এই পর্তুগিজ তারকা। পর্তুগালের জার্সি জড়িয়ে আন্দ্রেসের উদ্দেশে একটি ব্যক্তিগত ভিডিওবার্তা পাঠিয়ে দেন।
ভিডিওবার্তায় রোনালদো বলেন, ‘হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাতেই এই ভিডিওটি করেছি। আমি জানি তুমি আমার বড় ভক্ত। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচে এসো, আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সাহস রেখো, বন্ধু।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সাংবাদিক গ্যাবি আরোচার দেওয়া তথ্য অনুযায়ী, রোনালদোর ভিডিও বার্তার পাশাপাশি আরো কিছু ভালো খবর এসেছে আন্দ্রেসের জন্য। কয়েকজন উদার দাতার সহায়তায় বহু প্রতীক্ষিত সেই বিশ্বকাপের স্টিকারটি ইতোমধ্যে আন্দ্রেসের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। তবে চমকের এখানেই শেষ নয়; রোনালদোর নিজস্ব স্বাক্ষর করা একটি জার্সিও উপহার হিসেবে খুব শিগগিরই পেতে যাচ্ছে এই লড়াকু কিশোর।
রোনালদোর এই মহানুভবতার আগেই তার জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ ভেনেজুয়েলার এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ভূমিকম্প আঘাত হানার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন।
মাঠের পারফরম্যান্স দিয়ে কোটি ভক্তকে আনন্দ দেওয়া রোনালদো আবারো প্রমাণ করলেন, কেন তিনি মাঠ এবং মাঠের বাইরে সমানভাবে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে ‘মহাতারকা’র আসনে অধিষ্ঠিত। আন্দ্রেসের মুখে এই হাসি ফোটানোর উদ্যোগটি ফুটবল দুনিয়ায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...