বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’ বনাম ফারাওদের লড়াই

স্পোর্টস রিপোর্টার

বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’ বনাম ফারাওদের লড়াই

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম ও মিসর। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর রোমাঞ্চকর ম্যাচটি আজ রাত ১টায় শুরু হবে সিয়াটল স্টেডিয়ামে। ফিফা র‍্যাংকিংয়ের নবম স্থানে থাকা শক্তিশালী বেলজিয়াম যেখানে এবার বিশ্বজয়ের লক্ষ্যে মিশন শুরু করছে, সেখানে ২৯তম স্থানে থাকা মিশর তাদের ইতিহাসের মাত্র চতুর্থ বিশ্বকাপ আসরটিকে রাঙিয়ে তুলতে মরিয়া। মাঠের লড়াই শুরুর আগেই ফুটবল দুনিয়ায় ম্যাচটিকে গ্রুপ পর্বের ভাগ্য নির্ধারণী ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার ট্র্যাজেডি এখনো তাড়া করে বেড়াচ্ছে বেলজিয়ামকে। তৎকালীন ব্যর্থতা ভুলে নতুন কোচ রুডি গার্সিয়ার অধীন এবার তারা ভিন্ন এক রূপ নিয়ে হাজির হয়েছে। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও লিয়ান্দ্রো ট্রোসার্ডদের মতো তারকাদের নিয়ে গঠিত বেলজিয়ামের এই ‘সোনালি প্রজন্ম’র জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার এটিই সম্ভবত শেষ সুযোগ।
বাছাইপর্বে বেলজিয়ামের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই তারা মূল আসরে জায়গা করে নিয়েছে। এ সময়ে তারা প্রতিপক্ষের জালে ২৯ গোলের উৎসব করার বিপরীতে হজম করে মাত্র ৭ গোল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলা চারটি প্রীতি ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ‘রেড ডেভিলস’রা; যেখানে তারা হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া এবং তিউনিসিয়াকে। একটি হয়েছে ড্র। এই ম্যাচগুলোয় ১৩ গোল দেওয়ার পাশাপাশি শেষ দুটি ম্যাচে কোনো গোল হজম না করার দারুণ এক আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে তারা।
অন্যদিকে, এটি মিশরের ফুটবল ইতিহাসের মাত্র চতুর্থ বিশ্বকাপ আসর। ২০১৮ সালের বিশ্বকাপে তিন ম্যাচের সব কটিতে হেরে শূন্য পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছিল ‘ফারাও’রা। এবার সেই দুঃস্মৃতি ভুলে এবং আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে সেনেগালের কাছে হারের ক্ষত কাটিয়ে নতুনভাবে শুরু করতে চান কোচ হোসাম হাসান। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে কোনো ম্যাচ না হেরে ২৬ পয়েন্ট নিয়ে বেশ দাপটের সঙ্গেই মূল পর্বের টিকিট কেটেছে মিশর।
তবে ম্যাচের আগে মিশর শিবিরে বড় দুশ্চিন্তার নাম অধিনায়ক মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে মৌসুমের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ৩৩ বছর বয়সি এই তারকা খেলার জন্য প্রস্তুত হলেও পুরোপুরি ফিট নন। ফলে মাঠে তার গতি কিছুটা কম থাকতে পারে, যার কারণে ওমার মারমুশ, ত্রেজেগে এবং জিজোদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে।
কাগজ-কলমে বেলজিয়াম শক্তিশালী হলেও দুই দলের অতীত ইতিহাস কথা বলছে মিশরের পক্ষে। এর আগে চারবারের দেখায় তিনবারই জিতেছে মিশর। সবশেষ ২০২২ সালের নভেম্বরের প্রীতি ম্যাচেও বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা।
তারকাখচিত বেলজিয়াম দল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাইলেও রক্ষণাত্মক ও প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলে মিসর তাদের কঠিন পরীক্ষা নেবে বলেই ধারণা করা হচ্ছে।


মুখোমুখি ৪ লড়াই
মিশরের জয় ৩
বেলজিয়ামের জয় ১
ড্র ০

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...