বিশ্বকাপে ফের ‘গোল বিতর্ক’

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে ফের ‘গোল বিতর্ক’

জনাথান তাহ বল জালে জড়ানোর পর জার্মান খেলোয়াড়রা উদযাপনে ব্যস্ত। তখনো কেউ ভাবেনি কয়েক সেকেন্ড পরই সবকিছু পাল্টে যাবে। কিন্তু সেটাই হয়েছে। প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে অতিরিক্ত সময়ের ১০২তম মিনিটে জার্মানির করা গোলটি ভিএআরের হস্তক্ষেপে বাতিল করে দেন মরক্কোর রেফারি জালাল যায়েদ। আর সেই একটি সিদ্ধান্তই শেষ পর্যন্ত জার্মানির বিদায়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

ঘটনার শুরু কর্নার কিক থেকে। নাথানিয়েল ব্রাউনের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ডিফেন্ডার জনাথান তাহ। তবে গোলের আগে জার্মান ডিফেন্ডার ভালদেমার অ্যান্টন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের চলার পথে বাধা দিয়েছেন এবং তাকে ফাউল করেছেন— এমন অভিযোগে ভিএআরের পরামর্শে মনিটরে রিপ্লে দেখেন রেফারি। পরে গোল বাতিলের সিদ্ধান্ত দেন তিনি। কিন্তু এই সিদ্ধান্তই তৈরি করেছে বিতর্ক।

বিজ্ঞাপন

সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালান শিয়ারার এটিকে ‘খুবই সফট ফাউল’ বলে মন্তব্য করেন। তার মতে, এমন সংস্পর্শে গোল বাতিল করা উচিত নয়। সাবেক ডেনমার্ক কিংবদন্তি পিটার স্মাইকেলও সিদ্ধান্তটিকে ‘বেদনাদায়ক’ বলে আখ্যা দেন এবং মনে করেন, গোলরক্ষক পরিস্থিতিকে বাড়িয়ে দেখিয়েছেন।

জার্মান কিংবদন্তি কোচ ইয়ুর্গেন ক্লপও ক্ষোভ লুকাননি। তার ভাষায়, যদি এটিই ফাউল হয়, তাহলে সেট-পিস থেকে হওয়া অসংখ্য গোলও বাতিল করতে হতো। একই সুরে ম্যাজেন্টা টিভির রেফারিং বিশ্লেষক প্যাট্রিক ইট্রিখ বলেন, এটি ‘ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর’ ছিল না, তাই ভিএআরের হস্তক্ষেপই হওয়া উচিত ছিল না। জেডডিএফের রেফারি বিশেষজ্ঞ থরস্টেন কিনহোফার তো সরাসরি বলেন, ‘আমি বাকরুদ্ধ’।

অন্যদিকে নিয়মের পক্ষে থাকা বিশ্লেষকদের যুক্তি ভিন্ন। তাদের মতে, গোলরক্ষকের গতিপথ ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত হলে সেটি ফাউল হিসেবে গণ্য করা যায়। তাই রেফারি আইএফএবির আইন অনুসারেই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও অনেকের মতে, এমন সংস্পর্শ পুরো ম্যাচজুড়েই একাধিকবার হয়েছে, কিন্তু সেগুলোতে ফাউল ধরা হয়নি। তাই সিদ্ধান্তের ধারাবাহিকতা নিয়েই প্রশ্ন উঠছে।

জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়ে বলেন, ‘এটি বৈধ গোল ছিল। এটি বাতিল করা সম্পূর্ণ হাস্যকর।’ তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যাওয়াটাও তাদের ব্যর্থতা।

শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে প্যারাগুয়ে। কিন্তু ফুটবলপ্রেমীদের আলোচনায় এখন সবচেয়ে বড় বিষয় জনাথান তাহর বাতিল হওয়া গোল। অনেকের চোখে সেটি ছিল নিয়মের প্রয়োগ, আবার অনেকের কাছে এটি বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত ভিএআর সিদ্ধান্তগুলোর একটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন