বুড়িচংয়ে ভুয়া ডিবি পুলিশ সন্দেহে ৩ যুবক আটক

বুড়িচংয়ে ভুয়া ডিবি পুলিশ সন্দেহে ৩ যুবক আটক

কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর অভিযোগে তিনজনকে ভুয়া ডিবি পুলিশ সন্দেহে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, একই দিন দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রুহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং একই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন ওই তিন যুবক। তাদের আচরণ ও তল্লাশির ধরন সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের ঘিরে ধরে আটক করেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, তিনজন যুবকের তল্লাশির নমুনা এবং শারীরিক গঠন দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর আমরা তাদের আটক করি এবং পুলিশকে খবর দিই।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন