দাবানলের ধোঁয়ায় ঢাকা নিউ ইয়র্ক-নিউ জার্সি

বায়ুদূষণের উদ্বেগের মাঝেই ফাইনাল

বায়ুদূষণের উদ্বেগের মাঝেই ফাইনাল

আজ বাদে কাল যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মাঠে গড়াবে বিশ্বকাপের মহোৎসবে ভরা ফাইনাল। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের চোখ এখন আর্জেন্টিনা বনাম স্পেনের এই মহারণকে ঘিরে। তবে মাঠের উত্তেজনার সমান্তরালে এখন নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মারাত্মক বায়ুদূষণ। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া বাতাসের গতিপথ ধরে নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে চলে আসায় বাতাসের মান আশঙ্কাজনক পর্যায়ে নেমে গেছে।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে নিউ ইয়র্ক প্রশাসন ইতোমধ্যে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষস্থানে চলে এসেছে শিকাগো, ডেট্রয়েট ও নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগের মতে, ২০২৩ সালের পর এটিই হতে যাচ্ছে শহরের সবচেয়ে বড় ধোঁয়াচ্ছন্ন বিপর্যয়। পরিবেশবিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, ‘বর্তমানে নিউ ইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া আর দিনে ১০টি সিগারেট খাওয়া একই কথা।’

বিজ্ঞাপন

এদিকে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে নগরবাসীকে সতর্ক করে ঘরের বাইরে দৌড়াদৌড়ি বা জগিং করতে নিষেধ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণও শুরু হয়েছে। তবে এই চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দুই হেভিওয়েট ফাইনালিস্টের প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখা যায়নি। উত্তর নিউ জার্সির ইস্ট হ্যানোভারে লুইস দে লা ফুয়েন্তের স্পেন তাদের অনুশীলন সেরেছে। অন্যদিকে আটলান্টায় শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে নিউ জার্সিতে পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

২০২৩ সালে কানাডার দাবানলে নিউ ইয়র্কের আকাশ কমলা রঙে রূপ নিয়েছিল, যেখানে বায়ুর মান সূচক পৌঁছেছিল ৪৬৫-এ। এবার মিডওয়েস্টের কিছু এলাকায় দূষণ সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এমন এক দমবন্ধ করা পরিস্থিতির মাঝেই আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। এখন দেখার বিষয়, মাঠের বাইরের এই প্রাকৃতিক বিপর্যয়কে পেছনে ফেলে কোন দল মাথার ওপর উঁচিয়ে ধরে বিশ্বসেরার ট্রফি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন