আর্জেন্টিনা ছাড়া ফ্রান্সকে ঠেকানোর মতো কেউ নেই!

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা ছাড়া ফ্রান্সকে ঠেকানোর মতো কেউ নেই!

বিশ্বকাপের নকআউট পর্বে একের পর এক দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষদের উড়িয়ে দিচ্ছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম, আক্রমণভাগের ভয়ংকর গতি আর পুরো দলের সমন্বিত খেলায় দিদিয়ের দেশমের দলকে এখন অনেকেই দেখছেন শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে। তবে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলের মতে, এই মুহূর্তে ফ্রান্সকে থামানোর সামর্থ্য আছে একমাত্র একটি দলেরই, আর্জেন্টিনার।

বিজ্ঞাপন

সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচের পর আইটিভিতে বিশ্বকাপ বিশ্লেষণে নেভিল বলেন, বর্তমান ফর্মে ফ্রান্স অন্য সব দলের চেয়ে অনেকটাই এগিয়ে। তিনি বলেন, ‘এই মুহূর্তে ফ্রান্সকে থামাতে পারবে এমন দল হিসেবে আমি শুধু আর্জেন্টিনাকেই দেখি। কারণ, তাদের মানসিকতা, লড়াই করার চরিত্র, অভিজ্ঞতা মিলিয়ে তারা আলাদা।’ আর্জেন্টিনার প্রশংসা করতে গিয়ে তিনি আরো বলেন, ‘তাদের মধ্যে এমন এক ঐক্য আছে, এমন এক প্রতিযোগিতামূলক মানসিকতা আছে, যা ফ্রান্সের সামনে দাঁড়াতে পারে। অন্য কোনো দলে এখন পর্যন্ত সেটা দেখিনি।’

তবে টুর্নামেন্ট যত এগোবে, পরিস্থিতি বদলাতেও পারে বলে মনে করেন নেভিল। সাবেক ইংলিশ ফুটবলারের ভাষ্য, ‘অবশ্যই সামনে আরো অনেক পথ বাকি। ইংল্যান্ড, স্পেন কিংবা পর্তুগাল নিজেদের খেলাকে আরো এক ধাপ এগিয়ে নিতে পারে। আশা করি, তারা সেটা করবে।’

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বে সেনেগালকে ৩-১, ইরাককে ৩-০ এবং নরওয়েকে ৪-১ গোলে হারানোর পর শেষ বত্রিশে সুইডেনকেও ৩-০ ব্যবধানে বিদায় করেছে তারা। এমবাপ্পে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা বাড়িয়েছেন ছয়ে। অন্য গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। আক্রমণভাগে উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও বারকোলাকে নিয়ে ফ্রান্সের গতি আর সৃজনশীলতা প্রতিপক্ষের জন্য বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছে।

এই আক্রমণভাগের প্রশংসা করতে গিয়ে নেভিল বলেন, ‘যে চারজন ম্যাচ শুরু করেছিল, তারা এই টুর্নামেন্টের প্রতিটি ডিফেন্ডারের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে। সত্যি বলতে, তাদের কীভাবে থামানো যায়, সেটা আমার জানা নেই। তারা অন্য সবার চেয়ে একধাপ এগিয়ে।’

তার মতে, বিশ্বকাপে অন্য দলগুলো যেখানে কষ্ট করে ম্যাচ জিতছে, সেখানে ফ্রান্স সহজেই নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে নেভিল বলেন, ‘এখন যদি তারা বিশ্বকাপ না জেতে, তাহলে সেটাকে নিজেদের ব্যর্থতাই বলতে হবে। কারণ, এই মুহূর্তে পারফরম্যান্সের বিচারে তারা অন্য সবার চেয়ে অনেক এগিয়ে।’

সাবেক ইংল্যান্ড কিংবদন্তি ইয়ান রাইটও মনে করেন, বর্তমান ফর্মে ফ্রান্সকে ভয় পাওয়ার কথা প্রতিপক্ষদেরই। তার ভাষ্য, ‘ফ্রান্সকে নিয়ে অন্য দলগুলো যতটা চিন্তা করবে, স্পেন বা পর্তুগালকে নিয়ে ততটা ভাববে না। ফ্রান্সের শিরোপা না জেতার কোনো কারণ দেখছি না আমি। যদি হঠাৎ করেই তাদের বড় ধরনের পতন ঘটে সেটা আলাদা হিসাব।’

এদিকে শেষ আটে ওঠার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ হবে জার্মানিকে বিদায় দেওয়া প্যারাগুয়ে। সেই ম্যাচ জিতলে সেমিফাইনালের পথে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্পেন বা পর্তুগাল। তবে নেভিলের চোখে, শিরোপার আসল লড়াইয়ে ফ্রান্সের সবচেয়ে বড় পরীক্ষার নাম এখনো আর্জেন্টিনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন