বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের অবিশ্বাস্য জয়ের পর রেফারিং নিয়ে বিতর্ক শুরু হয়। বিশেষ করে ম্যাচের ৬২ মিনিটে ভিএআর চেকের পর মিসরের মোস্তফা জিকোর একটি গোল বাতিল হয়েছে। এই গোলটি বাতিল হওয়ায় মিসর ফুটবলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। তাছাড়া বিশ্ব ফুটবল অঙ্গনে অভিযোগ উঠেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নাকি বাড়তি সুবিধা দিচ্ছেন রেফারিরা। তবে সব সমালোচনা উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। বিশ্বকাপে ম্যাচ অফিশিয়ালদের প্রশংসা করে এই ফুটবলার বলেছেন, রেফারিরা দুর্দান্ত কাজ করছেন। গণমাধ্যমই অহেতুক বিতর্ক তৈরি করে। এসব বিতর্ক নিয়ে মাথা ঘামান না আর্জেন্টাইনরা।
বিশ্বকাপে রেফারিং নিয়ে কোনো অভিযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে মার্টিনেজ বলেন, ‘না, কোনো কিছুই নেই। আমার মনে হয়, তারা চমৎকার কাজ করছেন।’ বিশ্বকাপে রেফারিং পক্ষপাতিত্বের বিতর্ক গণমাধ্যমের তৈরি বলে মনে করেন মার্টিনেজ। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিতর্ক তৈরির কাজটা মূলত আপনাদের (গণমাধ্যমের)। আমাদের মনোযোগ শুধু মাঠে নিজেদের সেরাটা দেওয়ার দিকেই, অন্য কিছুতে নয়।’ মার্টিনেজের মতে, আধুনিক ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি থাকার কারণে কোনো দলকে রেফারিদের পক্ষে এককভাবে বিশেষ সুবিধা দেওয়াটা প্রায় অসম্ভব কাজ। শুধু মার্টিনেজই নন, ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনাও আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তার মতে, মার্টিনেজের পায়ে মিসরের মারওয়ান আতিয়ার ফাউল করার বিষয়টি স্পষ্ট ছিল এবং রেফারি ও ভিএআর সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। যে কারণে গোলটি বাতিল হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

