বাবা নেশার টাকা না দেওয়ায়

নড়িয়ায় নিজের বসতঘরে আগুন দিল দুই ভাই

নড়িয়ায় নিজের বসতঘরে আগুন দিল দুই ভাই
বসতঘরে আগুন। ছবি: আমার দেশ

শরীয়তপুরের নড়িয়ায় নেশা ও জুয়া খেলার জন্য টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘড়িসার ইউনিয়নের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

অভিযুক্তরা হলেন—সবুজবাগ এলাকার নাসির বেপারীর ছেলে সোহান বেপারী ও ইমরান বেপারী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহান ও ইমরান দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় আসক্ত। এসবের জন্য তারা প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে না পারলে বাবা-মাকে মারধর, বাড়িঘর ভাঙচুরসহ বিভিন্নভাবে নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে দুই ভাইকে দেওয়ার জন্য তাদের বাবা কিস্তিতে ৩০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু সেই টাকা জুয়া খেলা ও নেশার পেছনে খরচ করে শেষ করে ফেলেন দুই ভাই। পরে কষ্ট করে ওই ঋণের কিস্তি পরিশোধ করেন তাদের বাবা।

এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় আবারও দুই ভাই বাবার কাছে কিস্তিতে ৫০ হাজার টাকা তুলে দেওয়ার দাবি করেন। টাকা না দিলে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেন তারা। বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে নিজেদের থাকার ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

আগুন লাগার খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

পরিবারের সদস্য সবুর বেপারীর বড় ছেলে আলআমিন বলেন, ‘আমার ছোট দুই ভাই সব সময় বাবা-মায়ের সঙ্গে টাকার জন্য ঝামেলা করে। নেশার জন্য টাকা না দিলেই বাবা-মায়ের ওপর অত্যাচার করে, বাড়িঘর ভাঙচুর করে। কিছুদিন আগে ৩০ হাজার টাকা কিস্তিতে তুলে দিয়েছিলাম। তারা সেই টাকা জুয়া খেলে ও নেশা করে শেষ করেছে। আজ আবার ৫০ হাজার টাকা চেয়েছে। বাবা টাকা দেবেন না বলায় বাড়িতে আগুন দিয়েছে। আমরা এখন এ থেকে কীভাবে মুক্তি পাব, সেই ব্যবস্থা করেন।’

ঘটনার পর থেকেই সোহান ও ইমরান পলাতক রয়েছেন।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তারা নেশার টাকার জন্য নিজেদের ঘরে আগুন দিয়েছে বলে জানা গেছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা আগামীকাল থেকেই মাদকের বিষয়ে সর্বোচ্চ জায়গা থেকে ব্যবস্থা নেব।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন