'রোনালদোর পুরো পর্তুগাল দলই কাঠগড়ায়' %

স্পোর্টস ডেস্ক

'রোনালদোর পুরো পর্তুগাল দলই কাঠগড়ায়' %

ডিআর কঙ্গোর বিপক্ষে ১–১ গোলের হতাশাজনক ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পর্তুগাল। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় হিসেবে মাঠে নেমে পুরো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেননি এই কিংবদন্তি। তার এই ‘নিশ্চুপ’ থাকা নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি তো রোনালদোর খেলার ধরনকে ‘স্বার্থপরতা’ আখ্যা দিয়ে বলেছেন, দলের প্রয়োজনের চেয়ে রোনালদো নিজের গোলের দিকে বেশি মনোযোগী ছিলেন।

রোনালদোকে ঘিরে যখন সমালোচনার ঝড়, তখন তার পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াস। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা এই ডিফেন্ডার স্পষ্ট করেছেন যে, ব্যর্থতার দায় এককভাবে কারও নয়। দিয়াসের মতে, পর্তুগাল দল হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং পারফর্ম করতে না পারায় দলের প্রত্যেকেই এখন কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। তবে রোনালদো দলের প্রধান মুখ হওয়ায় সব আলো তার ওপর গিয়ে পড়ছে।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে দিয়াস বলেন, 'রোনালদো সবার মনোযোগের কেন্দ্রে থাকেন, তবে আমার মনে হয় আমরা সবাই কাঠগড়ায় আছি। এখানে অস্বাভাবিক কিছু ঘটছে না। আমরা বাইরের এসব কথাবার্তা থেকে নিজেদের দূরে রাখি এবং নিজেদের কাজে মনোযোগ দিই।'

প্রথম ম্যাচের পর ব্রুনো ফার্নান্দেস ও ভিতিনিয়ার মতো মিডফিল্ডারদের নিয়েও কথা উঠেছিল যে, তারা রোনালদোকে পর্যাপ্ত বল জোগান দিচ্ছেন না। তবে এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে দিয়াস জানান, আশানুরূপ ফল না এলে চারপাশের ফিসফাস তিন গুণ বেড়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু এতে দলের আত্মবিশ্বাসে কোনো ফাটল ধরেনি। বরং এই কঠিন পরিস্থিতিকে তারা নিজেদের যোগ্যতা প্রমাণের ইতিবাচক সুযোগ হিসেবে দেখছেন।

চোট কাটিয়ে রুবেন দিয়াস এখন পুরোপুরি ফিট এবং আগামী মঙ্গলবার হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে তার শুরুর একাদশে থাকার কথা রয়েছে। এখন দেখার বিষয়, দিয়াসের প্রত্যাবর্তন এবং এই সমালোচনাকে শক্তিতে রূপান্তর করে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগাল কতটা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন