বই কিনলেই গোল, বিশ্বকাপে নতুন উন্মাদনা

স্পোর্টস রিপোর্টার

বই কিনলেই গোল, বিশ্বকাপে নতুন উন্মাদনা

বিশ্বকাপকে ঘিরে মাঠের লড়াই এবার ছড়িয়ে পড়ছে বইয়ের পাতাতেও। ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী এক আয়োজন নিয়ে এসেছে প্রকাশনা সংস্থা দাঁড়িকমা প্রকাশনী। অনলাইন বইয়ের প্ল্যাটফর্ম বইটই-এর সহযোগিতায় তারা শুরু করেছে ‘বিশ্বকাপ গোল উৎসব’।

বিজ্ঞাপন

বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল।তবে এখানে জয়-পরাজয় নির্ধারিত হবে বই কেনার মাধ্যমে।

আয়োজকদের তথ্যমতে, অংশগ্রহণকারীদের প্রথমে নিজেদের প্রিয় দল নির্বাচন করতে হবে। এরপর সেই দলকে নিয়ে প্রকাশিত নির্ধারিত ই-বুক কিনতে বা অন্য কাউকে উপহার দিতে হবে। প্রতিটি ই-বুক ক্রয় একটি ‘গোল’ হিসেবে গণনা হবে এবং সংশ্লিষ্ট দলের স্কোরবোর্ডে যুক্ত হবে। ফলে যে দলের সমর্থকেরা বেশি ই-বুক কিনবেন, সেই দলই গোলের ব্যবধানে এগিয়ে থাকবে।

এই আয়োজনের বিশেষত্ব হলো, গোলসংখ্যা বা স্কোর লাইভ আপডেট হবে। ফলে সমর্থকেরা তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন কোন দল এগিয়ে আছে এবং নিজেদের দলকে এগিয়ে নিতে আরও বই কেনার সুযোগ পাবেন।

দাঁড়িকমা প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য শুধু প্রতিযোগিতা নয়; বরং ফুটবলপ্রেমীদের নিজেদের প্রিয় দলের ইতিহাস, কিংবদন্তি ফুটবলার এবং গৌরবময় অর্জন সম্পর্কে বই পড়ে জানার আগ্রহ তৈরি করা।

মাসব্যাপী চলা ‘বিশ্বকাপ গোল উৎসব’-এর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই। ততদিন পর্যন্ত চলবে বই কেনার এই ভিন্নধর্মী লড়াই, যেখানে গোল হবে ই-বুক আর বিজয়ী হবে পাঠাভ্যাস ও ফুটবলপ্রেম—দুটোই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন