সোমালি রেফারি আর্তানের স্বদেশে বীরোচিত সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক

সোমালি রেফারি আর্তানের স্বদেশে বীরোচিত সংবর্ধনা

বিশ্বকাপের মঞ্চে ম্যাচ পরিচালনা করার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন সোমালিয়ার ফুটবল রেফারি ওমর আর্তান। ফিফার চূড়ান্ত তালিকায় নাম আসায় প্রথম সোমালি কর্মকর্তা হিসেবে বিশ্বকাপে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিলেন তিনি। তবে ইস্তাম্বুল থেকে দীর্ঘ যাত্রা শেষে যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরে পৌঁছালে তার সেই স্বপ্ন এক নিমেষেই ভেঙে যায়। সব ধরনের বৈধ কাগজপত্র এবং ভিসা থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

পরবর্তীতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ‘ফিফা’ নিশ্চিত করেছে যে, ওমর আর্তান এই টুর্নামেন্টে কোনো ধরনের প্রশিক্ষণ বা ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে পারবেন না।

ওমর আর্তান জানান, মিয়ামি বিমানবন্দরে পৌঁছানোর পর সীমান্ত কর্মকর্তারা তাকে প্রায় ১১ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি তার রেফারিং ক্যারিয়ারের বিভিন্ন ছবি, প্রমাণপত্র এবং ফিফার আনুষ্ঠানিক নথিপত্র দেখান। কিন্তু সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মার্কিন সীমান্ত কর্তৃপক্ষ তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি।

পরবর্তীতে স্বদেশে ফিরে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে আর্তান বলেন, ‘আমার কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র ছিল। বৈধ ভিসাও ছিল। আমার মনে হয়, তাদের সমস্যা আমার দেশকে নিয়ে। যা হওয়ার হয়ে গেছে, আর সেটা দুর্ভাগ্যজনক ছিল।’

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার শিকার হয়ে ওমর আর্তান যখন সোমালিয়ার মোগাদিসু বিমানবন্দরে অবতরণ করেন, তখন সেখানে আবেগঘন এক দৃশ্যের অবতারণা হয়। বিমানবন্দরে শত শত সমর্থক হাতে জাতীয় পতাকা নিয়ে তাকে স্বাগত জানাতে উপস্থিত হন। মাঠে নামার সুযোগ না পেলেও, আর্তানকে একজন প্রকৃত বীরের সম্মান জানান তার দেশের মানুষ।

সব হারিয়েও আর্তান ভেঙে পড়েননি। বরং দেশের তরুণদের উদ্দেশ্যে তিনি এক অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন, ‘আল্লাহ চাইলে আমি পরের বিশ্বকাপে থাকব। সোমালিয়া আমাদের দেশ—সুসময় হোক বা দুঃসময়। আমি আমাদের তরুণদের বলতে চাই, নিজেদের দেশ নিয়ে আশা হারায়ো না। আমি এখন আমার দেশে আছি, আর অন্য কোথাও থাকতে চাই না।’

বিশ্বকাপের ইতিহাসে প্রথম সোমালি রেফারি হিসেবে নাম লেখানোর সুযোগ হাতছাড়া হলেও, আর্তানের এই দেশপ্রেম, আত্মমর্যাদা এবং অদম্য মানসিকতা বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের হৃদয়ে গভীর রেখাপাত করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন