এ যেন ব্রাজিলের সঙ্গে ব্রাজিলের লড়াই!

স্পোর্টস ডেস্ক

এ যেন ব্রাজিলের সঙ্গে ব্রাজিলের লড়াই!

ব্রাজিল তো ব্রাজিলই। আর রোবরাব রাতে তাদের প্রতিপক্ষ মরক্কোর নামের সঙ্গেও ব্রাজিল রয়েছে। খেলার স্টাইল, কৌশল, গতি, জয়ের জেদ-এসব অনুষঙ্গকে এক করে মরক্কোকে বলা হয় ‘আফ্রিকার ব্রাজিল’!

- তো কি দাড়াল?

বিজ্ঞাপন

- লাতিনের ব্রাজিলের সঙ্গেই আজ তাহলে আফ্রিকার ব্রাজিলের মুখোমুখি লড়াই!

এই ম্যাচের জন্য ব্রাজিলের পরিকল্পনায় নেইমার নেই। ইনজুরিকে সঙ্গী করেই বিশ্বকাপে এসেছেন তিনি। দলের সঙ্গে অনুশীলনেও তাকে রাখা হয়নি। মরক্কোকে মোকাবেলার জন্য ব্রাজিল সম্ভাব্য একাদশও গোপনীয় কিছু নয়। আক্রমণভাগে চারজন রেখে পরিকল্পনা সাজাচ্ছে ব্রাজিল। নিজেদের প্রিয় ৪-২-৩-১ ফরমেশনেই ছক তৈরি করছে কার্লো আনচেলেত্তির দল। আক্রমণে রাফিয়ান ও লুকাস পাকেতার সঙ্গে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র। এই ত্রয়ীর সঙ্গে স্ট্রাইকার পজিশনে খেলবেন মাতেউস কুনিহা।

গোলবার সামলাবেন অ্যালিসন। রক্ষণভাগে থাকবেন দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও অ্যালেক্স সান্দ্রো। মাঝমাঠে ডাবল পিভটে খেলবেন কাসেমিরো ও ব্রুনো গিমারায়েস।

আক্রমণভাগে রাফিনিয়া ও লুকাস পাকেতা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে খেলবেন। ভিনিসিয়ুস বাঁ প্রান্ত থেকে শুরু করলেও সুযোগ পেলেই ভেতরের বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েন। স্ট্রাইকার হিসেবে মাতেউস কুনিয়ার দায়িত্ব থাকবে প্রতিপক্ষের দুই সেন্টারব্যাককে ব্যস্ত রাখা এবং মাঝমাঠ থেকে উঠে আসা সতীর্থদের জন্য জায়গা তৈরি করা। উইং দিয়ে ওয়ান টু ওয়ান লড়াই এবং মাঝমাঠ থেকে দেরিতে উঠে আসা খেলোয়াড়দের কাজে লাগানোর জন্য এই ফরমেশন ব্রাজিলের বহু পরীক্ষিত কৌশল।

মরক্কোর গোলপোস্ট সামাল দিকেন বুনো। রক্ষণে আছেন আশরাফ হাকিমি, ইসা দিয়প, শাদি রিয়াদ ও নুসাইর মাজরাউই। মাঝমাঠে সাফিয়ান আমরাবাতের সঙ্গী নিল এল আইনাউই। তাদের সামনে ক্রিয়েটিভ অ্যাটাকার হিসেবে খেলবেন ব্রাহিম দিয়াজ, আজেদিন উনাহি ও ইসমাইল সাইবারি। দলের একমাত্র স্ট্রাইকার হিসেবে আছেন বিপদজনক সুফিয়ান রহিমি।

এই একাদশ মরক্কোকে প্রয়োজনমতো প্রেসিংয়ের সুযোগ দেবে। একই সঙ্গে দ্রুত কাউন্টার অ্যাটাকে, বিশেষ করে রাইট ব্যাক হাকিমির দিক দিয়ে আক্রমণ গড়তে দারুণ দক্ষ মরক্কো। দুই দলই উইঙ্গার বাড়িয়ে দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খেলার গতি বদলাতে সক্ষম।

চলতি বিশ্বকাপের প্রথম বিগ ম্যাচ হতে যাচ্ছে এটি। ব্রাজিল এবারের বিশ্বকাপে কতদুর যাবে, সেই সম্ভাবনার একটা সমীকরণ মিলবে এই ম্যাচে।

জিতবে কে? যে দল আগে গোল করবে তাদের জয়ের সম্ভাবনা হবে অনেক বেশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন