ফিক্সিং তদন্তে জার্মানির বিপক্ষে খেলতে পারছেন না ওয়াহি

স্পোর্টস ডেস্ক

ফিক্সিং তদন্তে জার্মানির বিপক্ষে খেলতে পারছেন না ওয়াহি

বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট। ম্যাচ পাতানোর অভিযোগে তদন্তের মুখে থাকা স্ট্রাইকার এলিয়ে ওয়াহি দলের পরবর্তী ম্যাচে অংশ নিতে কানাডায় যেতে পারছেন না। প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় তাকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন।

বিজ্ঞাপন

শনিবার টরন্টোয় ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির মুখোমুখি হবে আইভরি কোস্ট। তবে দলের সঙ্গে কানাডায় যেতে না পেরে ওয়াহিকে আপাতত যুক্তরাষ্ট্রেই অবস্থান করতে হবে।

ফরাসি ফুটবল লিগ জানিয়েছে, গত মে মাসে নিসের হয়ে একটি লিগ ওয়ান ম্যাচে ওয়াহি হলুদ কার্ড দেখবেন—এমন বাজিতে অস্বাভাবিক অঙ্কের অর্থ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। ১৭ মে মেতজের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে সত্যিই হলুদ কার্ড দেখেছিলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ঘটনাটি নিয়ে পুলিশ, জুয়া নিয়ন্ত্রক সংস্থা এবং ফরাসি ফুটবল ফেডারেশন তদন্ত শুরু করেছে। প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, খেলাধুলায় দুর্নীতি, সংগঠিত প্রতারণা, অর্থ পাচারসহ একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদিও জিজ্ঞাসাবাদের পর ওয়াহিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।

এদিকে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক প্রক্রিয়া শুরুর বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে অবগত নয়। একই সঙ্গে এই কঠিন সময়ে খেলোয়াড়টির প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেছে ফেডারেশন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন