বিশ্বকাপ ফাইনালে স্পেনের ১-০ গোলের জয় এবং আর্জেন্টিনার পরাজয়ের পর মেটলাইফ স্টেডিয়ামের মাঠে এক অনাকাঙ্ক্ষিত উত্তেজনার সৃষ্টি হয়। ম্যাচ শেষ হওয়ার পরপরই ফিফার অফিশিয়াল ম্যাচ ট্র্যাকারে দেখা যায়, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের নামের পাশে লাল কার্ড দেখানো হয়েছে। তবে এর কিছুক্ষণ পরেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে লাল কার্ডের তথ্যটি সরিয়ে নেয় ফিফা। পরবর্তীতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি নিশ্চিত করে যে, ম্যাচ চলাকালীন বা শেষে পারেদেসকে সরাসরি কোনো লাল কার্ড দেখানো হয়নি।
যদিও লাল কার্ডের শাস্তি থেকে তিনি তাৎক্ষণিকভাবে বেঁচে গেছেন, তবে ম্যাচ শেষে স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে জড়ানো সংঘাতের কারণে কড়া শাস্তির মুখে পড়তে পারেন পারেদেস। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে তিনি স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়া ও মিডফিল্ডার গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আর্জেন্টিনার অন্য সদস্য ও সহকারী কোচকেও বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়াতে দেখা যায়।
ফিফা ইতিমধ্যে এই সংঘাতের ঘটনার তদন্তে একজন শৃঙ্খলা ও নৈতিকতাবিষয়ক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে একাধিক খেলোয়াড় ও অফিসিয়ালের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। অপরদিকে, মাঠের এই তিক্ততা সরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে পারেদেস জানান, ভারাক্রান্ত হৃদয়ে ফিরলেও দেশের জন্য তারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

