‘জীবনে ন্যায়বিচারও আছে’—বালোগুন ইস্যুতে খোঁচা রাসকিনের

স্পোর্টস ডেস্ক

‘জীবনে ন্যায়বিচারও আছে’—বালোগুন ইস্যুতে খোঁচা রাসকিনের

বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। ম্যাচ শেষে শুধু জয়ের আনন্দই নয়, ফিফার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ ঝাড়লেন বেলজিয়ান মিডফিল্ডার নিকোলাস রাসকিন। তার দাবি, মাঠের ফলই প্রমাণ করেছে ‘জীবনে শেষ পর্যন্ত ন্যায়বিচার হয়’

বিতর্কের সূত্রপাত বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডকে ঘিরে। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে নিষিদ্ধ থাকার কথা থাকলেও ফিফা ডিসিপ্লিনারি কমিটি শাস্তি স্থগিত করায় বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারেন তিনি। এই সিদ্ধান্তের পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়ে ফিফা।

বেলজিয়াম ফুটবল ফেডারেশন ম্যাচের আগে আনুষ্ঠানিক আপত্তিও জানিয়েছিল। তবে সেটি খারিজ হয়ে যায়। পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপের বিষয়টি নতুন করে বিতর্ক উসকে দেয়।

এসব ঘটনার পর মাঠের পারফরম্যান্স দিয়েই জবাব দিয়েছে বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের জোড়া গোলের সঙ্গে হ্যান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর গোল যুক্ত হয়ে স্বাগতিকদের বড় ব্যবধানে বিদায় নিশ্চিত করে।

ম্যাচ শেষে রাসকিন বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, জীবনে কোথাও না কোথাও ন্যায়বিচার আছে। যা ঘটেছিল, সেটাকে যতভাবেই ব্যাখ্যা করা হোক, আমাদের কাছে সেটি ন্যায্য মনে হয়নি।”

তিনি আরও যোগ করেন, “আজকের জয় আমাদের জন্য বিশেষ। আমরা জানতাম, এই ম্যাচ যেকোনো মূল্যে জিততে হবে। মাঠের পারফরম্যান্স দিয়েই আমরা আমাদের উত্তর দিয়েছি।”

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। শেষ ষোলোতে পর্তুগালকে হারিয়ে স্পেনও শেষ আটে জায়গা নিশ্চিত করেছে। ফলে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় কোয়ার্টার ফাইনাল হতে যাচ্ছে স্পেন-বেলজিয়াম দ্বৈরথ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন