বিশ্বকাপ মানেই সাধারণত স্ট্রাইকারদের গোল উৎসব আর দর্শকদের উল্লাস। তবে এবারের আসরটি ধীরে ধীরে রূপ নিচ্ছে গোলকিপারদের বিশ্বকাপে। একদিকে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা হ্যারি কেইনের মতো বিশ্বসেরা তারকারা যখন গোলের নতুন নতুন রেকর্ড গড়ছেন, অন্য প্রান্তে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে ইতিহাস নতুন করে লিখছেন গোলরক্ষকরা। আর এই মুহূর্তে সেই তালিকায় সবচেয়ে উজ্জ্বল ও আলোচিত নাম স্পেনের উনাই সিমন।
অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের ৩-০ গোলের দুর্দান্ত জয়ের ম্যাচে এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়েছেন এই স্প্যানিশ গোলরক্ষক। ম্যাচটিতে নিজের জাল অক্ষত রাখার (ক্লিন শিট) মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের টানা সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার কীর্তি এখন তার দখলে।
বিশ্বকাপের মঞ্চে উনাই সিমন এখন পর্যন্ত টানা ৫১৯ মিনিট কোনো গোল হজম করেননি। এর মাধ্যমে ভেঙে দিয়েছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছর ধরে অক্ষত রাখা ঐতিহাসিক রেকর্ডটি। ১৯৯০ সালের বিশ্বকাপে জেঙ্গা টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে যে রেকর্ড গড়েছিলেন, এতদিন সেটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।
তিন দশক পর জেঙ্গাকে দুই নম্বরে ঠেলে তালিকার শীর্ষে উঠে এলেন সিমন। আর এই তালিকায় টানা ৫০০ মিনিট ক্লিন শিট রেখে তৃতীয় স্থানে নেমে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিলটন।
সিমনের এই রেকর্ড যাত্রার শুরু অবশ্য ২০২৬ বিশ্বকাপে নয়, এর সূত্রপাত হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপে। কাতার আসরে জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আও তানাকার গোলের পর আর কোনো বল সিমনের জাল স্পর্শ করতে পারেনি।
সেই ম্যাচের বাকি সময়, এরপর মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ১২০ মিনিট এবং চলমান ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচ মিলিয়ে টানা ৫১৯ মিনিট ধরে নিজের পোস্টকে সম্পূর্ণ গোলশূন্য রেখেছেন এই স্প্যানিশ তারকা।
এই অনন্য কীর্তির মাধ্যমে স্পেনের ফুটবল ইতিহাসেও এক নতুন অধ্যায় যোগ করলেন সিমন। এতদিন স্পেনের হয়ে বিশ্বকাপে টানা সর্বোচ্চ ৪৭৭ মিনিট গোল না খাওয়ার রেকর্ডটি ছিল দেশটির বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ইকার ক্যাসিয়াসের। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে ক্যাসিয়াসের গড়া সেই গৌরবময় রেকর্ডকেও এখন অতীতে রূপ দিলেন উনাই সিমন।
চলতি বিশ্বকাপে যখন গোল করার জন্য মরিয়া হয়ে আছেন বিশ্বের বাঘা বাঘা স্ট্রাইকাররা, তখন উনাই সিমন গ্লাভস হাতে প্রমাণ করে চলেছেন—আক্রমণভাগ ম্যাচ জেতালেও, রক্ষণভাগ আর গোলকিপাররা জেতায় টুর্নামেন্ট। ফুটবলবিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, সিমন তার এই অজেয় প্রাচীরকে আর কতদূর নিয়ে যেতে পারেন তা দেখার জন্য।
টানা বেশি সময় গোল হজম না করা গোলরক্ষক
গোলরক্ষক (দেশ) মিনিট বছর
উনাই সিমন (স্পেন) ৫১৯ মিনিট ২০২২ - ২০২৬ (চলমান)
ওয়াল্টার জেঙ্গা (ইতালি) ৫১৭ মিনিট ১৯৯০
পিটার শিলটন (ইংল্যান্ড) ৫০০ মিনিট ১৯৮২ - ১৯৮৬
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

