আসিয়ান কাপে খেলার চেষ্টায় বাফুফে

আসিয়ান কাপে খেলার চেষ্টায় বাফুফে

প্রথমবারের মতো আশিয়ান অন্তর্ভুক্ত দেশগুলোকে নিয়ে শুরু হতে যাচ্ছে ‘ফিফা আশিয়ান কাপ’। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় হবে এই টুর্নামেন্ট। আসিয়ানবহির্ভূত বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে তারা। ফলে আসিয়ান কাপে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ফাহাদ করিম আমার দেশকে বলেন, ‘এটি ফিফার টুর্নামেন্ট। ফিফার সঙ্গে আমাদের আলোচনা চলছে। সামনে ফিফা উইন্ডোতে আমাদের পরিকল্পনা তারা জানতে চেয়েছে। সুযোগ পেলে আমরা আসিয়ান কাপে খেলতে চাই।’

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে আগামী সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোর পরিকল্পনা সাজিয়ে রেখেছে বাফুফে। ঘরের মাঠে বহুজাতিক কিংবা কিরগিজস্তানে গিয়ে তিন জাতির টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। তবে কোন টুর্নামেন্টটি আসলে খেলবে বাংলাদেশ, এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফুটবল ফেডারেশন। মূল আসিয়ান কাপে খেলার সম্ভাবনা থাকায় বাফুফের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। যদি আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়ে যায়, তাহলে হয়তো ওই দুটি টুর্নামেন্টের কোনোটিতেই হয়তো খেলবে না বাংলাদেশ। এখন ফিফার দিকে তাকিয়ে বাফুফে। ফাহাদ করিম জানালেন, দুই-তিন দিনের মধ্যে আসিয়ান কাপের ব্যাপারে একটি সিদ্ধান্ত পাবে তারা। আসিয়ান কাপে আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। যদি ভারতের জায়গায় বাংলাদেশ খেলে তাহলে গ্রুপ পর্যায়ে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে লড়বেন হামজা-শমিতরা।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন