ডাবল আনন্দই উদযাপন করছে এখন বার্সেলোনা। একে তো ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে তারা, তার ওপর টানা দ্বিতীয় মৌসুম লা লিগার শিরোপা উঠেছে ঘরে। এল ক্লাসিকো জিতে স্প্যানিশ লিগ শিরোপা জয়ের রেকর্ড গড়েছে কাতালান, যা এ যাবৎ কেউ করে দেখাতে পারেনি- না বার্সা, না রিয়াল। এমন ঐতিহাসিক অর্জনের উৎসবটা তো বাঁধনহারা হবেই।
সেই খুশির উচ্ছ্বাসে ভেসে যেতে দর্শকদের স্রোতে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণের চিরাচরিত উদযাপনটা সেরে নিয়েছে কাতালান ফুটবলাররা। যেখানে হাজির হয়েছিলেন প্রায় সাড়ে সাত লাখ ফুটবল ভক্ত। সে উৎসবের ভিড়ে লামিনে ইয়ামালের হাতে থাকা ফিলিস্তিনের পতাকা আলোচনার খোরাক জুগিয়েছে। সমর্থকদের উচ্ছ্বাসের ঢেউয়ের মাঝে ভেসে গিয়ে ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা নাড়াতে দেখা যায়।
অনেকেই এটিকে ফিলিস্তিনি জনগণ ও তাদের অধিকারের প্রতি সমর্থনের প্রতীকী বার্তা হিসেবে দেখছেন। এ দৃশ্য দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে, যা কি-না নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে সমর্থকদের মধ্যে।
বার্সেলোনার বিভিন্ন সড়কে শোভাযাত্রার এক পর্যায়ে একটি জার্সি সবার সামনে উঁচু করে ধরেন ইয়ামাল। যাতে লেখা ছিল ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে, আমি মাদ্রিদিস্তা (রিয়াল মাদ্রিদের সমর্থক নই)।’ মূলত বার্সা সমর্থকরা যখন শিরোপা উৎসবে মেতে আছে, তখন রাজ্যের হতাশায় ডুবে আছে রিয়াল ভক্তরা। কেননা, রিয়ালকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই ১৪ পয়েন্টের লিড নিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলে বার্সা।
ভক্তদের সঙ্গে নিয়ে শিরোপা উদযাপনের বিষয়ে বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, ‘বার্সেলোনা আবারও বার্সার প্রতি নিজেদের আবেগের প্রদর্শনী দেখিয়েছে। ব্লুগ্রানা সমর্থকদের সমুদ্রে পরিণত হয়েছিল শহরের রাস্তাগুলো। এ দলটি ইতিহাসে একের পর এক সাফল্যের অধ্যায় লিখে চলেছে এবং নিজেদের মানুষের মাঝে থেকেই নতুন শিরোপা উদযাপন করেছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

