২০২৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন দক্ষিণ আমেরিকার ফুটবলে। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন ৩৯ বছর বয়সী এই গোলরক্ষক।
ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেস ছাড়ার পর ফ্রি এজেন্ট হওয়া ভোজিনহাকে দলে ভেড়ানোর বিষয়ে কোলো কোলোর সঙ্গে চূড়ান্ত সমঝোতা হয়েছে।
চিলিয়ান ক্লাবটির সভাপতি আনিবাল মোসাও আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা ভোজিনহার সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছি।” এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
জানা গেছে, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করবেন ভোজিনহা। আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসে বড় লক্ষ্য নিয়েই অভিজ্ঞ এই গোলরক্ষককে দলে আনছে কোলো কোলো।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ফুটবল খেলেছেন ভোজিনহা। উরুগুয়ে, স্পেন এবং নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান। টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত গোলরক্ষকদের একজন হয়ে ওঠেন তিনি।
বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও। টুর্নামেন্ট চলাকালীন ও পরে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৯০ লাখে পৌঁছে যায়। এমনকি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিসহ আরও কয়েকটি ক্লাব তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকায় নতুন চ্যালেঞ্জ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক।
কোলো কোলোর জার্সিতে ভোজিনহা কাজ করবেন আর্জেন্টাইন কোচ ফার্নান্দো ‘এল তানো’ ওরতিজের অধীনে। একই সঙ্গে সতীর্থ হিসেবে পাবেন চিলির কিংবদন্তি মিডফিল্ডার আর্তুরো ভিদাল এবং দলে থাকা আরও কয়েকজন অভিজ্ঞ আর্জেন্টাইন ফুটবলারকে।
বিশ্বকাপে নিজেকে নতুন করে পরিচিত করার পর এবার ক্লাব ফুটবলেও সেই ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ ভোজিনহার। কোলো কোলোর প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আগামী মৌসুমে দেশীয় লিগের পাশাপাশি কোপা লিবার্তাদোরেসেও দলকে সাফল্যের পথে এগিয়ে নেবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

