স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা। ট্রান্সফার মার্কেটে নেমেছে তারা অর্থের বস্তা নিয়ে। ম্যানচেস্টার সিটির এই তারকাকে কিনতে ৩ কোটি ৮৫ লাখ পাউন্ডের (৩৮.৫ মিলিয়ন পাউন্ড) একটি প্রাথমিক প্রস্তাব দিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিটি কর্তৃপক্ষ বার্সার এই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে।
৩০ বছর বয়সি এই ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে বিক্রি করতে আগ্রহ থাকলেও ম্যানচেস্টার সিটির দাবি অন্তত ৬ কোটি পাউন্ড। ইতিহাদ স্টেডিয়ামে সিটির সঙ্গে রদ্রির চুক্তির মেয়াদ রয়েছে আরো এক বছর। এখনো চুক্তি নবায়ন না করায় এই গ্রীষ্মে তার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। রিয়াল মাদ্রিদ তাকে দলে নিতে ইচ্ছুক বলে গুঞ্জন থাকলেও, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা খেলোয়াড়ের সম্মতি নিয়ে সিটির সঙ্গে আলোচনায় এগিয়ে গেছে।
গত দুটি মৌসুমে রদ্রির ক্লাব ক্যারিয়ার চোটে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ২০২৪-২৫ মৌসুমে এসিএল চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর গত মৌসুমেও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেছেন। তবে আন্তর্জাতিক ফুটবলে ছিলেন দারুণ ফর্মে। স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে অনন্য ভূমিকা রেখে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বল’ জিতে নিয়েছেন। পিঠের অস্ত্রোপচারের ধকল কাটিয়ে এখন ম্যানচেস্টারে অনুশীলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আগস্টের দ্বিতীয় সপ্তাহে ট্রান্সফার উইন্ডো বন্ধের সময় এগিয়ে আসায় সিটি দ্রুত এই দলবদলের সুরাহা চায়। রদ্রির বিকল্প হিসেবে ফরাসি ক্লাব লিল থেকে ১৮ বছর বয়সি মরক্কোন মিডফিল্ডার আইয়ুব বুয়াদিকে দলে ভেড়ানোর চেষ্টা করছে সিটি। তবে বুয়াদির জন্য লিলের দাবি করা ৮ কোটি ৬০ লাখ পাউন্ড এখন দলবদলের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

