ইতালির কোচের দায়িত্ব পেলেন ফের মানচিনি

ইতালির কোচের দায়িত্ব পেলেন ফের মানচিনি

ইতালি জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিলেন রবার্তো মানচিনি। বিতর্কের পর পিরলোর নাম প্রত্যাহার এবং মালদিনির পদত্যাগের মাত্র একদিনের ব্যবধানে এই ঘোষণা দিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

বিজ্ঞাপন

গত এপ্রিলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থ হওয়ার পর ইতালি দলের দায়িত্ব ছাড়েন জেন্নারো গাত্তুসো। এরপর কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোর নাম জোরালোভাবে শোনা গেলেও, একটি রুশ জুয়া কোম্পানির সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বিতর্কের জেরে সোমবার তিনি কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ান।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিওভান্নি মালাগো বলেন, ‘আমি বিশ্বাস করি প্রধান কোচ হওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলেন রবার্তো মানচিনি।’

এদিকে পাওলো মালদিনির পদত্যাগের পর লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতানো ক্লাউদিও রানিয়েরি নতুন টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে, পিরলোকে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দুই সপ্তাহ আগে নিয়োগ পাওয়া মালদিনি ও উপদেষ্টা লিওনার্দো পদত্যাগ করেন। পিরলোর আগে পেপ গার্দিওলা এবং কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল এফআইজিসি।

৬১ বছর বয়সী মানচিনি এর আগে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালি দলের দায়িত্বে ছিলেন এবং ওয়েম্বলিতে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো ২০২০ এর শিরোপা জিতেছিলেন। তার অধীনে দলটি বিশ্বরেকর্ড গড়া ৩৭ ম্যাচ অপরাজিত ছিল। তবে ২০২২ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় এবং নর্থ মেসিডোনিয়ার কাছে প্লে-অফে হেরে যাওয়ায় ২০২৩ সালের আগস্টে তিনি পদত্যাগ করেন।

চলতি বছরের শুরুর দিকে আরও একবার বিশ্বকাপ প্লে-অফে ব্যর্থ হয় ইতালি, যার ফলে এ বছরের গ্রীষ্মের টুর্নামেন্টেও তারা অনুপস্থিতি থেকে যায় বিশ্বমঞ্চে। এপ্রিল মাসে পারস্পরিক সম্মতিতে গাত্তুসোকে বরখাস্ত করা হয়। ২০১৪ সালের পর থেকে ইতালি আর কোনো বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। গাত্তুসো চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অনূর্ধ্ব-২১ দলের কোচ সিলভিও বাল্দিনি।

খেলোয়াড়ি জীবনে সাম্পদোরিয়া ও ইতালির হয়ে খেলা মানচিনি কোচ হিসেবেও বেশ সফল। ২০১২ সালে ম্যানচেস্টার সিটিকে তাদের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেওয়ার পাশাপাশি লাৎসিও এবং ইন্টার মিলানের হয়ে কোপা ইতালিয়া এবং ইন্টারের হয়ে তিনটি সেরি আ শিরোপা জিতেছেন। এছাড়া গ্যালাতাসারাই ও জেনিত সেন্ট পিটার্সবার্গের হয়ে কাজ করার পর ২০১৮ সালে তিনি ইতালি জাতীয় দলের দায়িত্ব নেন।

ইতালি ছাড়ার পর মানচিনি কিছুদিন সৌদি আরব জাতীয় দলের দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে কাতারি ক্লাব আল সাদের কোচ হন। ক্লাবটি কাতার স্টারস লিগ জিতলেও এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের শেষ চারে পৌঁছাতে ব্যর্থ হয় এবং কাতার কাপের ফাইনালে হেরে যায়। এরপর গত জুনে আল সাদ ছাড়েন মানচিনি।

আগামী ২৫ সেপ্টেম্বর বেলজিয়ামের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ দিয়ে নেশনস লিগ মিশন শুরু করবে ইতালি। এর তিন দিন পর তারা তুরস্কের মুখোমুখি হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন