আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৭-০ গোলে হারলেও অসম্মান হতো না : বাটলার

স্পোর্টস রিপোর্টার

৭-০ গোলে হারলেও অসম্মান হতো না : বাটলার

এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন এবং ফিফা র‌্যাংকিংয়ে নবম স্থানে থাকা উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে বড় ব্যবধানে হারলেও দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এই ইংলিশ কোচ বলেন, ‘আমরা তাদের (কোরিয়া) বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। তাদের বিপক্ষে ৫-০, ৬-০ কিংবা ৭-০ গোলে হারলেও অসম্মানের নয়। আমি এই মেয়েদের সমালোচনা করতে পারি না। আমরা ওই পর্যায়ের দল নই। আমাদের নিজেদের প্রতি সৎ থাকতে হবে। তারা যা করেছে, আমি তাদের প্রচেষ্টায় গর্বিত।’

বিজ্ঞাপন

বাটলার মনে করেন, চীনের পর এশিয়ার অন্যতম সেরা দল উত্তর কোরিয়ার বিপক্ষে দারুণ খেলেছে মেয়েরা। বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমরা ফুটবলের বাস্তব শিক্ষাটা পেয়েছি। শক্তি ও কৌশলগত দক্ষতায় তারা আমাদের থেকে অনেক এগিয়ে। আমাদের নিজেদের ঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তবুও মেয়েরা যা করেছে, তা নিয়ে আমি গর্বিত। তবে সামনে এগোতে হলে আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।’

কোরিয়া ম্যাচের একের পর এক দুর্দান্ত সেভ করে নজর কেড়েছে গোলরক্ষক মিলি আক্তার। তা না হলে স্কোর লাইন আরো বড় হতে পারত। মিলির প্রশংসা করেছেন কোচ বাটলারও। তিনি বলেন, ‘মিলি সত্যিই অসাধারণ চরিত্রের খেলোয়াড়। সে একজন যোদ্ধা, নরম দৃঢ়তা আর প্রবল উদ্যম রয়েছে তার মধ্যে। আজ তাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাকে কঠোর পরিশ্রম করতে হবে। পা মাটিতে রাখলে তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন