দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে জয়ের হাসি ফিরেছে চেলসি শিবিরে। এফএ কাপের সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লন্ডনের ক্লাবটি। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে অধিনায়ক এনজোর হেড থেকে।
সাম্প্রতিক বাজে ফর্মের কারণে মাত্র চার দিন আগে প্রধান কোচ লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করেছিল চেলসি। অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেনের অধীনে প্রথম ম্যাচেই দলটি স্বস্তির জয় পেল। আগের আট ম্যাচে সাতটি হার নিয়ে চরম চাপে ছিল তারা।
ম্যাচের শুরুতে লিডসই বেশি আক্রমণাত্মক ছিল। আনো টানাকার ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর ডমিনিক কালভার্ট-লেভিনের পাস থেকে ব্রেন্ডন আরোনসোনের নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক রবার্ট সানচেজ।
অন্যদিকে চেলসিও সুযোগ তৈরি করেছিল। জোয়াও পেদ্রোর একটি শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ২৩তম মিনিটে আর ভুল করেনি ব্লুজরা। মাঝমাঠে পাসকাল স্ট্রুজিকের বল হারানোর সুযোগ নিয়ে দ্রুত আক্রমণে যায় চেলসি। পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে হেড করে জাল কাঁপান এনজো। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এটি আর্জেন্টাইন তারকার ১৩তম গোল।
বাকি সময়ে দুই দলই কিছু সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে চেলসি।
ফাইনালে এখন তাদের সামনে অপেক্ষা করছে ম্যানচেস্টার সিটির কঠিন পরীক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

