চলমান সংঘাতের দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্বে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) পুনরুজ্জীবিত করতে তেহরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে পাকিস্তান।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে তারা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ বৈঠক করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মহসিন নকভি বলেন, তেহরানের এই উচ্চপর্যায়ের বৈঠকে মূলত ইরান-আমেরিকা সংঘাত, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং চলমান সংকট থেকে উত্তরণের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে সংঘাতের একটি পূর্ণাঙ্গ ও টেকসই সমাধানের উদ্দেশ্যে উভয় পক্ষের পদক্ষেপের মাধ্যমে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ পুনঃকার্যকর করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
বৈঠকের পরিবেশ বর্ণনা করে পাক স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইরানের প্রেসিডেন্ট তার সরকারের অবস্থান, মূল দৃষ্টিভঙ্গি ও উদ্বেগের কথা অত্যন্ত খোলামেলাভাবে তুলে ধরেছেন। উত্থাপিত বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে অত্যন্ত আন্তরিক ও অর্থবহ মতামত বিনিময় হয়েছে।
তিনি আরো জানান, এই আলোচনার মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে এবং অত্যন্ত ইতিবাচক বার্তার মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়। এই আলোচনার ধারাবাহিকতা সংঘাত নিরসন ও অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

