দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে শুরুতেই হোঁচট খেয়েছেন হোসে মরিনহো। প্রাক-মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে প্রথমার্ধে দুই গোলের লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।
অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওয়ের্থারসি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় রিয়ালকে। ম্যাচের ১২তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর এদুয়ার্দো কামাভিঙ্গার নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ মিডফিল্ডার অ্যালেক্সিস সিরিয়া। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই।
তবে বিরতির পর ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফিওরেন্তিনা। রবার্তো পিসোলির জোরালো শটে একটি গোল শোধ করার পর মোয়াসে কিন সমতাসূচক গোল করে ম্যাচে ফেরান ইতালিয়ান ক্লাবকে। শেষ দিকে গ্রীষ্মকালীন দলবদলে সদ্য যোগ দেওয়া কার্লোস এসপির সামনে জয়ের সুবর্ণ সুযোগ এলেও তার হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জয় অধরাই থেকে যায় রিয়ালের।
মরিনহোর দ্বিতীয় মেয়াদের প্রথম একাদশে প্রথম দলের আট ফুটবলারকে খেলান তিনি। আন্দ্রি লুনিন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, আলভারো কারেরাস, ফেদেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আর্দা গুলার, ডেনজেল ডুমফ্রিস ও এন্দ্রিকের সঙ্গে সুযোগ পান তিন অ্যাকাডেমি ফুটবলার হোয়াও মার্তিনেজ, মারিও রিভাস ও অ্যালেক্সিস সিরিয়া।
ম্যাচ শেষে অভিষেক হওয়া কার্লোস এসপি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মাত্র কয়েক দিনের মধ্যেই অনুশীলন করেছি, আবার রিয়ালের জার্সিতে অভিষেকও হয়ে গেল। মরিনহো আমাকে নিজের মতো খেলতে এবং বক্সে ঢোকার পরামর্শ দিয়েছেন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

