গোল উৎসর্গ করে শোকাহত মেসির পাশে বন্ধু ডি পল

গোল উৎসর্গ করে শোকাহত মেসির পাশে বন্ধু ডি পল

বাবাকে হারিয়ে শোকে মুহ্যমান লিওনেল মেসির কঠিন সময়ে পাশে দাঁড়ালেন দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু রদ্রিগো ডি পল। গোল করে মেসি ও তার পরিবারের উদ্দেশে উৎসর্গ করলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

বিজ্ঞাপন

দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার মারা গেছেন মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে করে দ্রুত আর্জেন্টিনায় রওনা হন মেসি। ফলে লিগস কাপে মন্টেরির বিপক্ষে ইন্টার মিয়ামির ম্যাচে মাঠে ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা।

মেসির অনুপস্থিতিতে অবশ্য তাকে ভুলে যায়নি মিয়ামি শিবির। ম্যাচের ৩২ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন ডি পল। আর গোলের পরপরই প্রকাশ পায় তার আবেগঘন শ্রদ্ধা।

কাসেমিরোর কাছ থেকে বক্সের বেশ বাইরে বল পেয়েছিলেন ডি পল। প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের নিচু ও শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি। গোল করার পর সাইডলাইনের দিকে ছুটে গিয়ে জার্সি খুলে ফেলেন ডি পল।

তারপরই দেখা যায়, ভেতরে তিনি পরে আছেন মেসির নাম ও নম্বর লেখা একটি জার্সি। সেই জার্সি দেখিয়ে গোল উদযাপন করেন ডি পল। তার উদযাপন স্পষ্ট করে জানিয়ে দিলো, তিনি আছেন শোকাহত বন্ধু মেসি ও তার পরিবারের পাশে। জার্সি খোলার কারণে অবশ্য নিয়ম অনুযায়ী হলুদ কার্ড দেখেছেন এই মিডফিল্ডার।

তবে ডি পলের আবেগঘন গোল উদযাপন শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকে জয় এনে দিতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে যায়। ৪৭ মিনিটে হুগো কিউপ্রাস এবং নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডিয়েগো রসি গোল করে মন্টেরিকে ২-১ ব্যবধানে জয় এনে দেন।

ফলে মেসি ছাড়া মাঠে নেমে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইন্টার মিয়ামিকে। তবে ম্যাচের ফল ছাপিয়ে ডি পলের মেসির প্রতি ভালোবাসা ও বন্ধুত্বের প্রকাশই হয়ে উঠেছে দিনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন