রিয়াল থেকে ধারে ইতালিতে আর্জেন্টিনার ‘মাস্তান’

রিয়াল থেকে ধারে ইতালিতে আর্জেন্টিনার ‘মাস্তান’

প্রতিভার ঝলক দেখিয়েছেন, তবে এখনো সামর্থ্যের পুরোটা মেলে ধরতে পারেননি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার অন্যতম সম্ভাবনাময় এই তরুণকে আরও পরিণত করে তুলতে এবার ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় ধারে পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদ ও ফিওরেন্তিনা পৃথক বিবৃতিতে জানিয়েছে, ১৮ বছর বয়সী মাস্তানতুয়োনোর সঙ্গে এক মৌসুমের ধারের চুক্তি হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন।।এই ধারের চুক্তিতে স্থায়ীভাবে তাকে দলে নেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। অর্থাৎ আগামী মৌসুম শেষে ফিওরেন্তিনা চাইলে মাস্তানতুয়োনোকে কিনে নিতে পারবে না। এক মৌসুম ইতালিতে কাটিয়ে তাকে আবার ফিরতে হবে রিয়াল মাদ্রিদেই।

বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ হিসেবে গত বছর আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়ালে যোগ দেন মাস্তানতুয়োনো। তবে স্প্যানিশ ক্লাবটিতে অভিষেক মৌসুমটা খুব একটা উজ্জ্বল ছিল না। ৩৫ ম্যাচে মাঠে নেমে গোল করেছেন মাত্র তিনটি। তার বেশিরভাগ উপস্থিতিই ছিল বদলি খেলোয়াড় হিসেবে।

জাতীয় দলেও অবশ্য ইতিহাস গড়েছেন এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার। গত বছরের জুনে আর্জেন্টিনার হয়ে অভিষেকের সময় তার বয়স ছিল ১৭ বছর ২৯৬ দিন। এর মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন তিনি।

তবে রিয়ালের হয়ে নিয়মিত সুযোগ না পাওয়া এবং প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারার কারণে ২০২৬ ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা দলে জায়গা হয়নি তার। ফলে নিজের ক্যারিয়ারকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ হিসেবে ফিওরেন্তিনার এই ধারের চুক্তিকে দেখছেন মাস্তানতুয়োনো।

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। মাস্তানতুয়োনো বলেন, ‘আমার জন্য এটি বিশেষ একটি দিন। দারুণ ইতিহাসসমৃদ্ধ এই ক্লাবে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে ছিলাম।’

ফিওরেন্তিনায় আগামী এক মৌসুম নিয়মিত খেলার সুযোগ পেলে ১৮ বছর বয়সী এই আর্জেন্টাইন নিজের প্রতিভাকে আরও পরিণত করে তুলতে পারবেন বলেই প্রত্যাশা রিয়াল মাদ্রিদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন