ভারতের ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক ঐতিহাসিক ও দারুণ রোমাঞ্চকর মুহূর্ত। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) মাঠে নামবেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহাদের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকারা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তবে কলকাতার মাটিতে ব্রাজিল কার মুখোমুখি হবে, সে বিষয়ে সিবিএফের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি।
সিবিএফ তাদের বিবৃতিতে উল্লেখ করে, অস্ট্রেলিয়ায় নির্ধারিত ম্যাচগুলো শেষ করার পর ব্রাজিলের পরবর্তী গন্তব্য ভারত। সল্টলেক স্টেডিয়ামের এই ম্যাচটির মাধ্যমে তারা ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে, কারণ এই প্রথম ব্রাজিলের মূল জাতীয় দল ভারতের মাটিতে খেলতে নামছে।
ভারতে ব্রাজিলের বিশাল সমর্থক গোষ্ঠীর কথা তুলে ধরে সিবিএফ লিখেছে, 'প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা অত্যন্ত ভালোবাসা ও আবেগের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের পথচলা অনুসরণ করে আসছেন, তাদের সঙ্গে এটি হতে যাচ্ছে এক বিশেষ সাক্ষাৎ।' বার্তার ইতি টানা হয়েছে সাড়াজাগানো এক বাক্যে—'দেখা হচ্ছে কলকাতায়।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

