আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারী এশিয়ান কাপ

ফেভারিট কোরিয়ার সামনে লড়াকু বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ফেভারিট কোরিয়ার সামনে লড়াকু বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়া। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে দুদলের ম্যাচটি। ইতোমধ্যে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হেরে অভিষেক এশিয়ান কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ নারী দল। অন্যদিকে, গ্রুপ পর্বে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা করেছে উত্তর কোরিয়া।

গত ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে যে সম্ভাবনাময় ফুটবল খেলেছে বাংলাদেশ, তাতে কোরিয়ার বিপক্ষেও ভালো কিছুর প্রত্যাশা থাকছে। তবে চীনের তুলনা এ ম্যাচটি বাংলাদেশের জন্য আরো বেশি কঠিনই হবে। তিনবার এশিয়ান কাপের শিরোপাজয়ী উত্তর কোরিয়া গত তিন আসরে অনুপস্থিত ছিল। এক দশকের বেশি সময় পর প্রবল শক্তিধর হয়েই ফিরেছে তারা। ফিফা র‌্যাংকিংয়ে তাদের অবস্থান নবম। যেখানে বাংলাদেশ রয়েছে ১১২তম অবস্থানে। শুধু র‌্যাংকিংয়ে শতধাপ ব্যবধানে পিছিয়ে থাকাই নয়, এবারের টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলছে কোরিয়া দলটি। তবে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেই মাঠে নামছে বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

আজ সিডনিতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নারী দলের কোচ পিটার বাটলার লড়াকু ফুটবল খেলার কথাই বলেছেন। তিনি বলেন, ‘কোরিয়ার মতো খুবই শক্তিশালী দলের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। তারা টেকনিক্যালি দারুণ দক্ষ এবং সত্যিই খুব প্রতিভাবান দল। যদি তাদের ফিফা র‌্যাংকিংয়ের দিকে তাকান, বুঝতে পারবেন তারাই সম্ভবত এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট।’ এই প্রথম উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। অবশ্য গত ম্যাচের চীনের বিপক্ষেও প্রথমবার খেলেছে বাংলাদেশের মেয়েরা। কোরিয়ানরাও দ্রুতগতির ফুটবল খেলেছে। তাদের খেলোয়াড়রা নিয়মিত ইউরোপের লিগে খেলেন। তাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে হবে বাংলাদেশের মেয়েদের।

কোচ বাটলারও বললেন, চীনের বিপক্ষে যে গতিময় ফুটবল খেলেছে মেয়েরা, আজকের ম্যাচেও সেই ছন্দ ধরে রাখতে হবে তাদের। সেরাটা নিংড়ে দিয়েই খেলতে হবে নারী দলকে। তাতেই কোরিয়ার বিপক্ষে ভালো প্রতিরোধ গড়া সম্ভব। কোচ বাটলার বলেন, ‘আমি একজন বাস্তববাদী মানুষ এবং জানি যে, অনেক দিক থেকেই এই ম্যাচ জেতাটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে। তবে আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি, তাহলে আমরা অনেক হৃদয় জয় করতে পারব। শুধু রক্ষণভাগ সামলে আমরা বসে থাকব না, আমরা লড়াই করব।’

চীন ম্যাচে দলের ভালো দিকগুলো তুলে ধরে বাটলার আরো বলেন, ‘ফুটবল মুহূর্তে খেলা। আমরা মনে হয়, আমাদের ভালো কিছু মুহূর্ত ছিল। সেটি উত্তর কোরিয়ার বিপক্ষে হবে।’ উত্তর কোরিয়ার মতো দলকে থামানোর কৌশল প্রসঙ্গে বাংলাদেশ কোচ জানান, তার দল বসে থেকে প্রতিপক্ষে আক্রমণই শুধু দেখবে না। তিনি বলেন, ‘আমরা যদি গোলও খাই, সেটি হতেও পারে। তবে আমি চাই, আমার দল রক্ষণাত্মক না হয়ে ঠিকভাবে খেলুক। বল দখলে, আক্রমণে আমরা সৃজনশীল থাকব।’ উত্তরা কোরিয়া দলকে নিয়ে বিশ্লেষণ করেছে বাংলাদেশ। প্রতিপক্ষে কৌশল ব্যর্থ করার জন্য সব রকমের পরিকল্পনা নিয়েছেন কোচ বাটলার।

এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে ২০২৭ বিশ্বকাপে সুযোগ পেতে পারে বাংলাদেশ। এজন্য নিজেদের গ্রুপে শীর্ষ দুই না থাকতে পারলেও অন্তত তৃতীয় সেরা দলের মধ্যে থাকতে হবে তাদের। তবে কোয়ার্টার ফাইনাল নিয়ে ভাবছেন না কোচ বাটলার। তিনি বলেন, ‘আমরা এখানে আকাশকুসুম কল্পনা নিয়ে আসিনি যে, আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে যাচ্ছি। আমি এটা ভাবতে চাই যে, প্রতিটি ম্যাচে এই মেয়েরা উন্নতি করবে, তারা শিখবে। এটি তাদের জন্য শেখার একটি সুযোগ।’ গত ম্যাচে চীনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখান গোলরক্ষক মিলি আক্তার। মিলির প্রসঙ্গে বাটলার বলেন, ‘সে অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল এবং সে যে আগে খেলেনি, তার একমাত্র কারণ হলো আমাদের কোনো ম্যাচ ছিল না। চীন ম্যাচের আগে প্রায় ৯০ থেকে ১০০ দিন আমাদের কোনো প্রস্তুতি ম্যাচ ছিল না, যা দুর্ভাগ্যজনক।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘আমরা চেষ্টা করব ভালো খেলার। বাকিটা ফলই বলে দেবে কী হয়।’

বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরা ফুটবল খেলার কথাই জানিয়েছেন উত্তর কোরিয়ার কোচ রি সং-হোও । বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছে না তারা। জয় পেতেই মাঠে নামবে কোরিয়ানরা। রি সং-হো বলেন, ‘গ্রুপের সবগুলো দলই শক্তিশালী। কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। ম্যাচটি আমাদের জন্য চ্যালেঞ্জের হতে যাচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন