ফ্রি-ট্রান্সফারে ট্রাবজোনস্পোরে মোহাম্মদ সালাহ

ফ্রি-ট্রান্সফারে ট্রাবজোনস্পোরে মোহাম্মদ সালাহ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটল অবশেষে। ফ্রি-ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোরে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন মিসরীয় ফুটবল রাজপুত্র মোহাম্মদ সালাহ। এর মধ্য দিয়ে চলতি গ্রীষ্মকালীন দল বদলের অন্যতম আলোচিত ও রোমাঞ্চকর এক নাটকের সমাপ্তিও হলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে সালাহর যোগদানের খবরটি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। ভিডিওতে প্রথমবারের মতো ট্রাবজোনস্পোরের ঐতিহ্যবাহী মেরুন ও নীল জার্সিতে দেখা গেছে এই তারকাকে। ভিডিও বার্তায় ক্লাবের ভক্তদের উদ্দেশে সালাহ বলেন, ‘ট্রাবজোনস্পোরের সমর্থকরা, আপনারা কি তৈরি? খুব শিগগিরই দেখা হচ্ছে।’ বক্তব্যের শেষে তিনি তুর্কি ভাষার বিখ্যাত ক্লাব স্লোগান ‘বিজে হের ইয়ার ট্রাবজোন’ (আমাদের কাছে সব জায়গাই ট্রাবজোন) উচ্চারণ করে তুর্কি ফুটবলের প্রতি নিজের ভালোবাসার বার্তা দেন।

বিজ্ঞাপন

সালাহর এই দল বদল প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে যেন ঝড়ের বেগে। আলোচনা শুরুর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে তুরস্কে পৌঁছানো, সফল স্বাস্থ্য পরীক্ষা ও চুক্তি স্বাক্ষরÑসবকিছুই খুব দ্রুততম সময়ে শেষ হয়েছে।

গত কয়েক সপ্তাহে সালাহর নতুন গন্তব্য নিয়ে নানা খবর ছড়িয়েছিল। বেসিকতাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, সৌদি প্রো লিগের আল-ইত্তিহাদ ও আল-দিরিয়া ও একাধিক মার্কিন ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশিত হলেও, শেষ পর্যন্ত ইউরোপেই থাকার সিদ্ধান্ত নেন। ট্রাবজোনস্পোর কর্তৃপক্ষের বিশ্বাস, সালাহর দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা ঘরোয়া এবং ইউরোপীয় টুর্নামেন্টে দলকে নতুন সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে।

এই দল বদলের মাধ্যমে ইংলিশ ক্লাব লিভারপুলের সঙ্গে সালাহর ৯ বছরের দীর্ঘ ও ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। অ্যানফিল্ডের ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও ইউরোপীয় সুপার কাপসহ অসংখ্য ঘরোয়া ও মহাদেশীয় শিরোপা জিতেছেন। লিভারপুলের জার্সি খুলে রেখে এখন তুর্কি ফুটবলে নিজের নতুন ইতিহাস লেখার অপেক্ষায় মিসরীয় এই ফরোয়ার্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন