রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ

২০১৭ সালে মিয়ানমারে সংঘটিত গণহত্যার বিচার এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

রোহিঙ্গা সংগঠন ‘ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা’ (ইউসিআর)-এর আয়োজনে এ সমাবেশে বিপুলসংখ্যক রোহিঙ্গা অংশ নেন। সমাবেশে বক্তারা ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা, নির্যাতন ও বাস্তুচ্যুতির বিচার এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, মিয়ানমারে নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসন টেকসই হবে না। এ জন্য তারা আন্তর্জাতিক মহলের কার্যকর উদ্যোগ কামনা করেন।

ইউসিআরের প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য ও রোহিঙ্গা অধিকারকর্মী সৈয়দ উল্লাহ বলেন, ‘২০১৭ সালের গণহত্যার ৯ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো ন্যায়বিচার পাইনি। আমরা আমাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফিরে যেতে চাই। নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত না করে কোনো প্রত্যাবাসন আমরা চাই না। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান—রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিন এবং নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করুন।’

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সমাবেশে রোহিঙ্গারা ‘গণহত্যার বিচার চাই’, ‘নিরাপদ প্রত্যাবাসন চাই’, ‘নিজ দেশে ফিরে যেতে চাই’সহ বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন