এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে যশোরের শামসুল হুদা একাডেমিতে চলছে বাংলাদেশের দলের ক্যাম্প। এই ক্যাম্প হচ্ছে ইংলিশ কোচ জেরার্ড জোনসের অধীনে। হঠাৎ করেই আজ সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যমে দুটি স্ট্যাটাস দিয়ে দেশের ফুটবল অঙ্গণে রীতিমতো আলোড়ন সৃষ্টি করলেন এই বিদেশি কোচ। প্রথমবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে বেতন দেয়নি। পরিবার নিয়ে সংকটের মধ্যে আছেন। শুধু তাই নয়, প্রতিনিয়ত অপ্রীতিকর ঘটনার মুখোমুখি, জীবন নিয়ে ভয় আর নিরাপত্তাহীনতায় ভুগছেন জেরার্ড। এরপর আরেক স্ট্যাটাসে আপডেট দিয়ে তিনি জানান, বাফুফের কাছ থেকে বেতন পেয়েছেন ঠিকই, কিন্তু ব্যাংকিং-সংক্রান্ত জটিলতার মধ্যে পড়েছেন। যে সমস্যার ব্যাপারে তাকে আগে জানানো হয়নি। তার বেতন না পাওয়ার খবরটি যে ভাবে চারদিকে ছড়িয়েছে, সেটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই ফুটবল কোচ। তিনি দাবি করেন, গতকাল ঢাকায় ও আজও এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যে কারণে নিজেকে বেশ অসহায় মনে করছেন। মানুষ গাড়ির কাছে এসে গাড়িতে ধাক্কা দিয়েছে, গাড়ি ঘিরে ধরে টাকা চাইছে। অনিশ্চয়তা, নতুন সমস্যার মুখোমুখি সব মিলে বাংলাদেশে জীবন-যাপন কঠিন হয়ে পড়েছে তার। জেরার্ডের এমন মন্তব্যে বেশ ব্রিবতকর পরিস্থিতিতে পড়েছে বাফুফে। বাফুফের সাধারণ সম্পাদক আজ দুপুরে বলেছেন, চুক্তি অনুযায়ী অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ডকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা। সেভাবেই তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় ফুটবল ফেডারেশন। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে কোচের প্রতিক্রিয়ায় বিব্রত বাফুফে। কেননা কোন অভিযোগ থাকলে সেটি বাফুফেকে সরাসরি জানালে বিষয়টি এতটা ঘোলাটে হতো না।
উল্লেখ, উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ জেরার্ড। গত জুনে তাকে নিয়োগ দিয়েছে বাফুফে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

