বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় ফুটবল মহাতারকা লিওনেল মেসি এবার ফিরেছেন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যাওয়া বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানালেন তিনি। রোববার সকালে পরিবারের সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে রোজারিওর ব্যক্তিগত কবরস্থানে বাবার শেষকৃত্যে অংশ নেন মেসি।
শনিবার রোজারিওর একটি ক্লিনিকে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর পাওয়ার পরই যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে রোজারিওর উদ্দেশে রওনা হন ইন্টার মায়ামির তারকা মেসি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তাদের সন্তানরা।
রোববার সকালে সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে পরিবারের সঙ্গে বাবাকে শেষ বিদায় জানান মেসি। অনুষ্ঠানে তার মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাই মাতিয়াস, রদ্রিগো ও বোন মারিয়া সোলও উপস্থিত ছিলেন।
মেসি ও তার পরিবারের ব্যক্তিগত মুহূর্তকে সম্মান জানাতে কবরস্থানটিতে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়। দুপুর থেকে সেখানে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এবং পুরো আয়োজনকে রাখা হয় কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে।
তবু প্রিয় তারকার এই কঠিন সময়ে পাশে থাকার চেষ্টা করেছেন রোজারিওর মানুষ। বিমানবন্দর ও কবরস্থানের আশপাশে ভক্তরা মেসির প্রতি ভালোবাসা ও সমবেদনা জানিয়ে ব্যানার রেখে যান। একটি বার্তায় লেখা ছিল, ‘শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি।’
মেসির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও জাতীয় দলের কোচিং স্টাফ। তাদের পক্ষ থেকে পাঠানো হয়েছে শোকবার্তা ও ফুলের তোড়া। রোজারিওর মেয়র পাবলো জাভকিনও মেসি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং সৎকার অনুষ্ঠান নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের প্রস্তুতির কথা জানান।
হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনার সব পেশাদার ও যুব ফুটবল ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশও দেওয়া হয়।
মেসির ফুটবল জীবনের শুরুর ক্লাব আবানদেরাদো গ্রানদোলিও ভুলে যায়নি হোর্হেকে। শনিবার ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট মেসি, তার বাবা ও অন্য শিশুদের নিয়ে একটি পুরোনো ছবি প্রকাশ করে। বার্তায় তারা স্মরণ করে, হোর্হে শুধু মেসির বাবা ছিলেন না, ক্লাবটির একজন কোচও ছিলেন।
ক্লাবটির পক্ষ থেকে বলা হয়, ‘হোর্হে আমাদের ইতিহাসের অংশ ছিলেন এবং আমাদের ক্লাবের একজন কোচও ছিলেন। এখানে তিনি সেই ছোট্ট লিওনেলের প্রথম দিনগুলোতে সঙ্গে ছিলেন, যিনি সময়ের সঙ্গে বিশ্ব ফুটবলে ইতিহাস গড়েছেন।’
মাত্র চার বছর বয়সে যে ক্লাবে ফুটবলের প্রথম পাঠ নিয়েছিলেন মেসি, সেই ক্লাব আরও লিখেছে, ‘আমরা তোমাকে শক্ত করে জড়িয়ে ধরছি, লিও। আমাদের ইতিহাসের অংশ হওয়ার জন্য ধন্যবাদ, হোর্হে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

