ইন্টার মায়ামিকে ইতিহাসের প্রথম এমএলএস কাপ জেতানোর মাত্র চার মাসের মধ্যেই প্রধান কোচের পদ ছাড়লেন জাভিয়ের মাসচেরানো। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার এই কোচ।
গত শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পরই ক্লাবকে নিজের সিদ্ধান্ত জানান মাসচেরানো—এমনটাই নিশ্চিত করেছে একটি সূত্র।
তার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন গুইলেরমো হোয়োস। তিনি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব ছেড়ে আপাতত প্রথম দলের কোচ হিসেবে কাজ করবেন।
এক বিবৃতিতে মাসচেরানো বলেন, ব্যক্তিগত কিছু কারণেই ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে তার অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
লিওনেল মেসির সাবেক সতীর্থ এই কোচ প্রায় দেড় বছর মায়ামির দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে জেরার্ড ‘টাটা’ মার্টিনোর স্থলাভিষিক্ত হয়ে দলটির দায়িত্ব নেন তিনি।
তার অধীনে ইন্টার মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালে উঠেছিল। আর ২০২৫ মৌসুমে এমএলএস কাপ জিতে ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেন মাসচেরানো।
চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে সাত ম্যাচ শেষে তৃতীয় স্থানে রয়েছে মায়ামি। তবে সম্প্রতি ন্যাশভিল এসসির কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।
নতুন স্টেডিয়ামের উদ্বোধনের মাত্র দুই সপ্তাহের মাথায় কোচের বিদায়—সব মিলিয়ে অদ্ভুত এক সময় পার করছে ইন্টার মায়ামি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

