বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে আবারও বিতর্কে যুক্তরাষ্ট্র। এবার সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানকে দেশে প্রবেশের অনুমতি না দেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ইয়ান রাইট। তার ভাষায়, এটি এখন ‘বিশৃঙ্খলার বিশ্বকাপ’।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাইট বলেন, ‘প্রতি কয়েক ঘণ্টা পরপরই নতুন একটি গল্প সামনে আসছে। কখনো সমর্থক, কখনো খেলোয়াড়, কখনো কর্মকর্তা, এখন আবার রেফারিকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি হাসছি ঠিকই, কিন্তু বিষয়টি মোটেও হাসির নয়। কিছু একটা বলা দরকার।’
বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য ফিফা মনোনীত ৫২ জন ম্যাচ কর্মকর্তার একজন ছিলেন সোমালিয়ার ওমর আবদুলকাদির আরতান। তিনি বিশ্বকাপের ইতিহাসে প্রথম সোমালি রেফারি হিসেবে দায়িত্ব পালনের অপেক্ষায় ছিলেন। কিন্তু মিয়ামি বিমানবন্দরে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ তাকে আটকে দেয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর দেশে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠায়। যদিও তার কাছে বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ‘ভেটিং সংক্রান্ত উদ্বেগের’ কথা উল্লেখ করে তাকে অযোগ্য ঘোষণা করে। পরে ফিফাও নিশ্চিত করে যে আরতান বিশ্বকাপে আর দায়িত্ব পালন করতে পারবেন না।
এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইয়ান রাইট। তিনি বলেন, ‘সবচেয়ে দামি টিকিট, আকাশছোঁয়া আবাসন খরচ, পরিবহন ব্যয়ও অসহনীয়। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজকরা কি এভাবেই আচরণ করে? এটাই কি ফুটবলের চেতনা?’
রাইট আরও বলেন, ‘আমার সবচেয়ে খারাপ লাগছে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের জন্য। তারা এই বিশ্বকাপের জন্য কতটা অপেক্ষা করেছে। তাদের জন্য বিষয়টি কতটা বিব্রতকর হতে পারে, তা আমি ভাবতে পারছি।’
শুধু আরতানের ঘটনাই নয়, বিশ্বকাপের আগে ভিসা ও প্রবেশাধিকার নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ও স্টাফ এখনও ভিসা সমস্যায় পড়েছেন। কিছু দেশের সমর্থকদের ক্ষেত্রেও ভ্রমণসংক্রান্ত জটিলতার খবর এসেছে। এসব কারণেই বিশ্বকাপকে ‘বিশৃঙ্খলার বিশ্বকাপ’ বলে আখ্যা দিয়েছেন রাইট।
এদিকে ফিফা জানিয়েছে, কোনো দেশের ভিসা বা অভিবাসন নীতির ওপর তাদের নিয়ন্ত্রণ নেই। আয়োজক দেশের সরকারই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় কে ভিসা পাবে এবং কে দেশে প্রবেশ করতে পারবে।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ভিসা, নিরাপত্তা ও ভ্রমণ জটিলতা নিয়ে আয়োজকদের সমালোচনা বাড়ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

