ক্রিস্টিয়ানো রোনালদোর মাঠের বাইরে থাকা এখন আর শুধু ইনজুরি বা বিশ্রামের গল্প নয়—এটা রীতিমতো ক্ষমতা, নিয়ন্ত্রণ আর সিদ্ধান্তের দ্বন্দ্ব। আল নাসরের ট্রান্সফার নীতিতে অসন্তুষ্ট হয়ে রোনালদোর টানা ম্যাচ না খেলার ঘটনায় সৌদি প্রো লিগ এবার সরাসরি অবস্থান নিল, আর সেই বার্তাটা একদম পরিষ্কার—তারকা যত বড়ই হোন, সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আল নাসরের নীরবতা মেনে নিতে পারছেন না ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। তার অভিযোগ, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালকে শক্তিশালী করতে বড় বিনিয়োগ করেছে, আল নাসরকে কার্যত উপেক্ষা করা হয়েছে। সেই হতাশাই শেষ দুই ম্যাচে মাঠে না নামার পেছনের মূল কারণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
ইএসপিএনের একাধিক সূত্র জানিয়েছে, ক্লাব ব্যবস্থাপনায় পরিবর্তনের নিশ্চয়তা না পেলে রোনালদো লিগ ম্যাচ বর্জন অব্যাহত রাখতে পারেন—এমন ইঙ্গিতও নাকি দিয়েছেন তিনি। সোমবার আল রিয়াদের বিপক্ষে ম্যাচে তার অনুপস্থিতি সেই জল্পনিকে আরও উসকে দিয়েছে।
এই পরিস্থিতিতে নীরবতা ভেঙেছে সৌদি প্রো লিগ। এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ ক্লাবগুলোর আর্থিক ও কৌশলগত স্বাধীনতার বিষয়টি সামনে এনে রোনালদোকে কার্যত সতর্ক করে দিয়েছে। লিগের মুখপাত্র বলেন, “সৌদি প্রো লিগ একটি স্পষ্ট নীতিতে পরিচালিত। প্রতিটি ক্লাব একই নিয়মের আওতায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে—খেলোয়াড় কেনা, ব্যয় ও কৌশল নির্ধারণ করবে তারা নিজেরাই, একটি নির্দিষ্ট আর্থিক কাঠামোর মধ্যে থেকে। এই কাঠামো সবার জন্য সমান।”
তিনি আরও যোগ করেন, “ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং একজন প্রকৃত প্রতিযোগীর মতো তিনিও জিততে চান। কিন্তু বাস্তবতা হলো—কোনো ব্যক্তি যত বড় তারকাই হোন না কেন, নিজের ক্লাবের বাইরে গিয়ে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

