আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিসিবির না

পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলার অনুরোধ শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলার অনুরোধ শ্রীলঙ্কার

পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেললে আইসিসির ক্ষতি প্রায় ৫০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছয় হাজার ১২০ কোটি টাকা! ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম ২৫-৪০ লাখ ভারতীয় রুপি। মহারণের এ ম্যাচ মাঠে না গড়ালে চির বৈরী দুই প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ড প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০০ কোটি রুপি করে লোকসান গুনবে।

বিজ্ঞাপন

আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কাও। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধ করেছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)। এসএলসি জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হবে তাদের। এবং ক্ষতিগ্রস্ত হবে ২০২২ সালের অর্থনৈতিক বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উঠতে থাকা তাদের পর্যটনশিল্পও।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করার শ্রীলঙ্কার অনুরোধ রাখতে পারছে না পাকিস্তান। সিদ্ধান্তটি সরকারের হওয়ায় ক্রিকেট শ্রীলঙ্কাকে (এসএলসি) ফিরিয়ে দিয়েছে পিসিবি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে এসএলসি থেকে চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছে পিসিবির একটি সূত্র। বিষয়টি এখন বোর্ডের হাতে এখন নেই বলে জানিয়েছে পিসিবির ওই সূত্র, ‘হ্যাঁ, আমরা চিঠিটি পেয়েছি। কিন্তু সরকারের সিদ্ধান্ত তো আমরা বদলাতে পারি না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।’

শ্রীলঙ্কার আগে ভারতের বিপক্ষে খেলার জন্য পাকিস্তানকে রাজি করার চেষ্টা করেও পারেনি আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইনি জটিলতা আর নানা হুমকি দিয়ে আর সম্প্রচার কর্তৃপক্ষের মামলার ভয় দেখিয়ে টলাতে পারছে না পাকিস্তানকে। এবার পাকিস্তানকে রাজি করাতে ব্যর্থ হলো শ্রীলঙ্কাও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন