বাংলাদেশ ফুটবল লিগে নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ শনিবার লিগের একমাত্র ম্যাচে শেষ মিনিটের গোলে কিংসের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে আরামবাগ ক্রীড়া সংঘ। ফলে পয়েন্ট ভাগাভাগি করেছে দুদল। গত মৌসুমে ঘরোয়া ফুটবলের তিনটি শিরোপা জিতেছে কিংস। কিন্তু এবার নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেল দলটি। অবশ্য এর পেছনে কারণও আছে। জাতীয় দলের খেলা থাকায় কিংসের বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড় লিগে অনুস্থিত। তাই নতুন খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি।
গোপালগঞ্জের মাঠে আরামবাগের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় কিংস। পেনাল্টি থেকে গোল করে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। এবারই প্রথম বাংলাদেশে খেলতে এসেছেন এই ফুটবলার। কিংসের হয়ে অভিষেক ম্যাচটি গোল করেই স্মরণীয় করে রাখলেন তিনি। তার সঙ্গে কিংস দলে প্রথমবার খেলতে নামেন নেপাল জাতীয় দলের ডিফেন্ডার রোহিত চাঁদ ও ফরোয়ার্ড মানিশ দাঙ্গির। অভিষেক ম্যাচেই দলের নেতৃত্বে ছিলেন রোহিত। ম্যাচে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি আরামবাগ।
দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে দলটি। কিংসের রক্ষণভাগে রীতিমতো ত্রাস তৈরি করে আরামবাগ। তবে একের পর এক আক্রমণে গোল পাচ্ছিল না তারা। কিংসের গোলরক্ষক পাপ্পু হোসেন অসাধারণ দক্ষতা দেখান। আরামবাগের বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও পাপ্পুর দুর্দান্ত পারফরম্যান্সে সফল হয়নি। তবে শেষ দিকে চমক দেয় আরামবাগ। নির্ধারিত সময়ের পর যোগ করা আট মিনিটে ম্যাচের চিত্র বদলে দেয় দলটি। রেফারির বাঁশি বাজার আগ মুহূর্তে নাটকীয় গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে আরামবাগ। বাঁ দিক থেকে গোলমুখে বল বাড়িয়ে দেন মুসা। তার ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন শামীম ইয়াসির। বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি পাপ্পু। এই গোলেই পয়েন্ট হারাল কিংস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

