রোনালদোর ব্যর্থতার রাতেও জয়ের ছন্দে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

রোনালদোর ব্যর্থতার রাতেও জয়ের ছন্দে পর্তুগাল

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সব আলো ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর দিকে। কিন্তু গোলের দুটি সোনালি সুযোগ পেয়েও জালের দেখা পাননি পর্তুগাল অধিনায়ক। তবে রোনালদোর ব্যর্থতা দলের জয়ে কোনো প্রভাব ফেলেনি। শেষ পর্যন্ত নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপের মূল পর্বে পা রাখছে রবার্তো মার্তিনেজের দল।

বুধবার রাতে লেইরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের মাত্র নবম মিনিটেই গোলের সহজ সুযোগ পেয়েছিলেন রোনালদো। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।

রোনালদোর মিসের আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ২৩ মিনিটে পেদ্রো নেতোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের বাঁ দিক থেকে নেওয়া চেলসি উইঙ্গারের নিখুঁত শট কোনো সুযোগই দেয়নি নাইজেরিয়ার গোলরক্ষককে।

তবে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় আফ্রিকার দলটি। ৩৭ মিনিটে আকোর অ্যাডামসের গোলে সমতায় ফেরে নাইজেরিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর পুরো দলেই বড় পরিবর্তন আনেন কোচ রবার্তো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোলের সুবর্ণ সুযোগ পান রোনালদো। কিন্তু এবারও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ হতে হয় তাকে। শেষ পর্যন্ত ৬৫ মিনিটে অধিনায়ককে তুলে নেন মার্তিনেজ।

রোনালদো মাঠ ছাড়ার পরও জয়ের জন্য আক্রমণ অব্যাহত রাখে পর্তুগাল। ম্যাচের ৭৫ মিনিটে বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেইসাও নিজের প্রতিভার ঝলক দেখান। ডান প্রান্ত থেকে দারুণভাবে বক্সে ঢুকে বাঁকানো শটে নাইজেরিয়ার জালে বল জড়িয়ে দেন তরুণ এই উইঙ্গার। তার সেই নান্দনিক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। এর আগে চিলির বিপক্ষেও একই ব্যবধানে জয় পেয়েছিল পর্তুগাল। টানা দুই প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছে দলটি।

এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে রোনালদোর রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। যদিও শেষ প্রস্তুতি ম্যাচে গোলের দেখা পাননি তিনি, তবুও পর্তুগালের সমর্থকদের আশা—বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের জাদু আবারও দেখাবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

আগামী ১৭ জুন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন