এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিসের সামনে চ্যালেঞ্জ

এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিসের সামনে চ্যালেঞ্জ

এএফসি চ্যালেঞ্জ লিগে গত মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনীর খেলার কথা ছিল। কিন্তু দলবদলে ফিফার নিষেধাজ্ঞা থাকায় এশিয়ান ফুটবল টুর্নামেন্টটিতে অংশ নিতে পারেনি ক্লাব দুটি। তাদের অনুপস্থিতিতে চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পেয়েছে গত মৌসুমে লিগে তৃতীয় হওয়া ফর্টিস এফসি। এই প্রথমবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রাখবে দেশের ঘরোয়া ফুটবলের নতুন শক্তি। আগামী ১১ আগস্ট বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস এফসির মুখোমুখি হবে ফর্টিস। এই ম্যাচকে ঘিরেই সব ভাবনা এখন তাদের। প্রথমবার এশিয়ান পর্যায়ের কোনো ম্যাচ খেলার চ্যালেঞ্জ তাদের সামনে। এজন্য শক্ত দল গঠন করেছে তারা। আট বিদেশি ফুটবলার দলে ভিড়িয়েছে ক্লাবটি। বর্তমানে কোচ মাসুদ পারভেজ কায়সারের অধীনে চলছে ফর্টিসের ক্যাম্প। কোচ কায়সার জানান, মুরাস ইউনাইটেড একটি অভিজ্ঞ প্রতিপক্ষ। তাদের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। গত আসরে মুরাস ইউনাইটেডের কাছেই ২-০ গোলে হেরেছিল আবাহনী। তবে আশাবাদী ফর্টিস ক্লাবের সভাপতি শাহীন হাসান। এএফসি টুর্নামেন্টে প্রথম খেলার অভিজ্ঞতা হলেও যে দল গঠন করেছেন তারা, সেটি ভালো লড়াই জমিয়ে তুলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন