আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাজিল দলে নেইমারের ফেরার দারুণ সুযোগ

স্পোর্টস ডেস্ক

ব্রাজিল দলে নেইমারের ফেরার দারুণ সুযোগ

নিজের বর্ণিল ক্যারিয়ারের শেষটা দেখে ফেলেছেন নেইমার জুনিয়র। তাইতো ফুটবল জীবনের সায়াহ্নে পৌঁছে দিয়েছেন অবসরের আভাস। আগামী ডিসেম্বরেই খেলোয়াড়ি জীবনকে গুডবাই জানিয়ে দিতে পারেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার আগে জাতীয় দলে ফিরতে চান। খেলতে চান যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাঠে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপে। সম্ভবত এটি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ বৈশ্বিক আসর। কিন্তু ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে থাকতে হবে ফিট। শুধু তাই নয়, মাঠের লড়াইয়ে রাখতে হবে আন্তর্জাতিক ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সামর্থ্যের স্বাক্ষর।

বিজ্ঞাপন

হাতে সময় খুব কম। তবে এখনো হাল ছেড়ে দেননি নেইমার। ব্রাজিলিয়ান এ সুপারস্টারের বিশ্বকাপে খেলার আশা এখনো শেষ হয়ে যায়নি। এখনো জিইয়ে আছে শেষ সুযোগ। ইউওএল দিয়েছে এমন খবর। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, সেলেসাও শিবিরের নির্বাচকদের নজর কেড়েছেন নেইমার। ফিফার ফ্ল্যাগশিপ টুর্নামেন্টের আগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে চলতি মার্চের শেষ দিকে ও এপ্রিলের শুরুতে।

২৬ মার্চ রাতে ফ্রান্স ও ১ এপ্রিল ভোরে ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। ফুটবল মহাযজ্ঞের আগে এটাই ফিফার শেষ উইন্ডো। এই দুই প্রীতি ম্যাচের জন্য কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের দল ঘোষণা করবেন আগামী ১৬ মার্চ। ব্রাজিল টিমের কোচিং স্টাফরা নেইমারকে পর্যবেক্ষণ করে যাচ্ছে নেইমারকে। এখন দলে জায়গা পাওয়া-না পাওয়ার ব্যাপারটা নির্ভর করছে তার ফিটনেস আর পারফরম্যান্সের ওপর।

হাঁটুর চোট কাটিয়ে নেইমার মাঠে ফিরেই দিয়েছেন চমক। ব্রাজিলিয়ান লিগ সিরি’এতে ভাসগো দা গামার বিপক্ষে উপহার দিয়েছেন জোড়া গোলের ঝলক। তার অসাধারণ ফুটবল ম্যাজিকে ক্লাব সান্তোস জিতেছে ২-১ গোলে। দর্শনীয় পারফরম্যান্সে সহজেই কোচিং স্টাফদের নজরে পড়েছেন নেইমার। কারণ আছে আরো। ইনজুরির ছোবলে দর্শক বনে গেছেন রদ্রিগো।

হাঁটুর লিগামেন্টে চোট পাওয়া বিশ্বকাপ স্বপ্ন শেষ রিয়ালের তারকা ফরোয়ার্ডের। চলতি মৌসুমে আর মাঠেই নামতে পারবেন না। এ কারণে ব্রাজিল জাতীয় দলের আক্রমণভাগে জায়গা ফাঁকা হয়েছে। চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তেভাওয়ের পেশির চোট থেকে ফিট হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সময়মতো মাঠে ফিরতে না পারলে আক্রমণভাগে বিকল্প কমে যাবে। এ কারণে নেইমারের ডাক পাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

কিন্তু নেইমার মাঠে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন না খুব একটা। ক্লাব সান্তোস আগে-ভাগেই কাম্পেওনাতো পাউলিস্তা থেকে বিদায় নেওয়ায় হয়ে গেছে বড় সমস্যা। এ কারণে একের পর এক ম্যাচ খেলে ফিটনেস দেখানোর সুযোগ কম। এখন নেইমারের হাতে রয়েছে মাত্র দুটি ম্যাচ। ১০ মার্চ মিরাসল ও ১৫ মার্চ করিন্থিয়াসের বিপক্ষে খেলবে নেইমারের ক্লাব।

এই দুই ম্যাচেই এ সুপারস্টারকে দেখিয়ে দিতে হবে যে, তিনি আন্তর্জাতিক ফুটবলের চাপ সামলানোর মতো সামর্থ্য রাখেন। সন্দেহ নেই, আগামী বিশ্বকাপের আগে আগামী ১২টা দিন ফুটবল জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন পার করতে যাচ্ছেন নেইমার জুনিয়র।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন