আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সানিক্স কাপ খেলতে জাপান যাচ্ছে বিকেএসপি অনূর্ধ্ব-১৮ ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার

সানিক্স কাপ খেলতে জাপান যাচ্ছে বিকেএসপি অনূর্ধ্ব-১৮ ফুটবল দল

জাপানের মর্যাদাপূর্ণ সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আজ (৭ মার্চ) দিবাগত রাত ১টায় ২১ সদস্যের বিকেএসপি অনূর্ধ্ব-১৮ ফুটবল দল জাপানের উদ্দেশে রওনা দেবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় বিকেএসপি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এই আসরে।

জাপানের ফুকুওকা শহরে আগামী ১১ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল লীগ। এ টুর্নামেন্টে জাপানের ১৩টি দলের পাশাপাশি তিনটি বিদেশি দল—বাংলাদেশ, ভারত ও দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক দল অংশ নেবে।

বিকেএসপি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান। আর প্রধান কোচ হিসেবে থাকবেন বিকেএসপির জাইকার জাপানি কোচ কাই তাগুচি।

মোট ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। বিকেএসপি দল ‘ডি’ গ্রুপে জাপানের আরও তিনটি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সানিক্স কাপ জাপানের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট। অতীতে ইতালির এসি মিলান ইয়ুথ ও ইন্টার মিলান ইয়ুথ, নেদারল্যান্ডসের আয়াক্স ইয়ুথসহ চীন, কোরিয়া ও জাপানের অনূর্ধ্ব-১৭ জাতীয় দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

গত বছর জাপানের মুনাকাটা শহরে ফুকুওকা টকাই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশ নেয় বিকেএসপি অনূর্ধ্ব-১৭ দল। সেখানে তিন ম্যাচে তারা একটি জয়, একটি ড্র ও একটি হার নিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখায়। তাদের আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সন্তুষ্ট হয়ে আয়োজকরা চলতি বছর সানিক্স আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়।

উল্লেখ্য, ওই সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশ নেওয়া বিকেএসপির সব খেলোয়াড় পরবর্তীতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলে নির্বাচিত হন। এমনকি সর্বশেষ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রথম একাদশের সবাই ছিলেন বিকেএসপির খেলোয়াড়। সেই দল দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ তরুণ ফুটবলারদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে, যা ভবিষ্যতে জাতীয় দলের পারফরম্যান্স সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন