অবশেষে জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি

অবশেষে জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি
ব্রাদার্স ইউনিয়ন

অবশেষে ফুটবলের নতুন মৌসুমে জয়ের মুখ দেখল ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি। আজ ফেডারেশন কাপের ম্যাচে ব্রাদার্স ৪-১ গোলে হারায় ফকিরেরপুল ইয়াংমেন্সকে। অপর ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে চট্টগ্রাম সিটি। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে দুদলের জন্যই প্রথম জয়ের রেকর্ড এটি। ফেডারেশন কাপে একটি জয় ও একটি ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে এখন ব্রাদার্স। একটি জয় ও একটি ড্রয়ে ব্রাদার্সের গ্রুপে থাকা চট্টগ্রাম সিটিরও অর্জন ৪ পয়েন্ট। তবে গোল গড়ে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে তারা।

বিজ্ঞাপন

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকেই গোল হজম করে বসে ব্রাদার্স। ১৬ মিনিটে সুলাইমান সিল্লাহর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরেরপুল। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি ব্রাদার্স। তবে বিরতির পর খেলতে নেমে একের পর এক গোল আনন্দে মেতে উঠে তারা। ৫৯ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার থিয়াগো দুনহার গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে ব্রাদার্স। বক্সের মধ্যে সৈয়দ আলি রেজাকে গোলরক্ষক অন্তর আলী ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোল করেন দুনহা। এরপর ১৭ মিনিটের ব্যবধানে আরো তিনটি গোল পায় ব্রাদার্স। ৬৩ মিনিটে আলি রেজা এবং ৭৮ ও ৮০ মিনিটে জোড়া গোল করেন মোহাম্মদ হালিম।

গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অপর ম্যাচে প্রথম গোল হজম করে জিতেছে চট্টগ্রাম সিটিও। ৩৯ মিনিটে সাকিব বেপারির গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ফুটবল লিগের নবীন দল চট্টগ্রাম সিটি। ৫৭ ও ৭০ মিনিটে জাফর ইকবাল এবং ৬৫ মিনিটে জাপানিজ ফরোয়ার্ড কেন্তা হারা গোল করে দলকে বড় জয় এনে দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন