ইউরোপিয়ান ফুটবলের মৌসুম শেষের দিকে। এর মধ্যে শীর্ষ লিগগুলোয় শিরোপার হিসাবনিকাশ সহজ হয়ে এসেছে। ইতোমধ্যে জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন। অন্য লিগগুলোয় ২০২৫-২৬ মৌসুমের সব ম্যাচ শেষ হতে আর বাকি মাত্র চার সপ্তাহ। কোনো লিগ শেষ হবে ৩১ মে, কোনোটি ২৪ মে, আবার কিছু লিগের পর্দা নামবে ১৭ মে’তে। সব মিলিয়ে উন্মাদনা তুঙ্গে। স্পেনের শীর্ষ লিগ লা লিগাতেও শিরোপার হিসাব প্রায় শেষ হয়ে এসেছে, ইতালিয়ান সিরি’এতে আজ রাতেই নিষ্পত্তি হবে শিরোপার লড়াই।
স্পেনের লা লিগায় ইতোমধ্যেই ৩৩ রাউন্ড শেষ হয়েছে, বাকি আছে মাত্র পাঁচটি ম্যাচ। ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৪। গতকাল রাতেই ওসাসুনার বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা। এদিকে আজ রাতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এসপানিওল। সমীকরণ এখন এমন, বার্সেলোনা যদি ওই ম্যাচে জয় পায় এবং রিয়াল মাদ্রিদ যদি আজ হেরে যায় বা ড্র করে, তাহলে নিশ্চিত হয়ে যাবে কাতালানদের ২৯তম লা লিগা শিরোপা। সে ক্ষেত্রে দুদলের ব্যবধান দাঁড়াবে ১৪ বা ১২ পয়েন্টে, যেখানে বাকি থাকবে মাত্র চারটি ম্যাচ। গোল ব্যবধান এবং মুখোমুখি লড়াইয়েও এগিয়ে আছে বার্সেলোনা।
এদিকে, ইতালির সিরি’এতে উত্তেজনা আরো তীব্র। ৩৪টি ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। দ্বিতীয় স্থানে নাপোলি ৬৯ পয়েন্টে, আর তৃতীয় স্থানে এসি মিলান ৬৭ পয়েন্টে। অর্থাৎ শীর্ষে থাকা ইন্টার নাপোলির চেয়ে ১০ এবং মিলানের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে। লিগে এখন মাত্র চার ম্যাচ বাকি। ফলে আজই শিরোপা জিতে নিতে পারে ইন্টার। পার্মার বিপক্ষে জয় পেলেই তারা পয়েন্ট তালিকার আর কারো দিকে না তাকিয়ে সরাসরি ২১তম শিরোপা নিশ্চিত করবে।
মে মাসের এই শেষ ধাপে ইউরোপীয় ফুটবলে তাই শিরোপা দৌড় এখন চরম উত্তেজনায়, যেখানে কয়েক ঘণ্টার ব্যবধানেই বদলে যেতে পারে পুরো মৌসুমের ভাগ্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

