ফুটবলে ‘অপরাজেয়’ শব্দটি সাধারণত মনে করিয়ে দেয় এক মৌসুমে হার না মানা দলগুলোর কথা। তুর্কমেনিস্তানের নবীন ক্লাব এফকে আরকাদাগ সে ধারণাকেই নতুন করে সংজ্ঞা দিয়েছে। ২০২৩ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে লিগে এখন পর্যন্ত একটি পয়েন্টও হারায়নি তারা! অবিশ্বাস্য হলেও সত্য যে, ৮২ ম্যাচের মধ্যে ৮২টিতেই জিতেছে ক্লাবটি!
তুর্কমেনিস্তানের সাবেক প্রেসিডেন্ট গুরবানগুলি বেরদিমুহামেদভের উপাধি ‘আরকাদাগ’ থেকে নামকরণ করা ক্লাবটি দেশের সেরা ফুটবলারদের সমন্বয়ে তৈরি করা হয়েছে কার্যত একটি ‘ড্রিম টিম’। লিগের পাশাপাশি ঘরোয়া কাপেও আধিপত্য দেখিয়েছে আরকাদাগ। ১৪টি কাপ ম্যাচের সবকটিতে জিতে তারা জিতেছে তিনটি তুর্কমেনিস্তান কাপ ও দুটি সুপার কাপ। তবে মহাদেশীয় আসরে গিয়ে একবার থমকে দাঁড়াতে হয় ২০২৪-২৫ মৌসুমের এএফসি চ্যালেঞ্জ লিগে। কুয়েতের আল আরাবির কাছে হেরে থামে তাদের টানা ৬১ ম্যাচের জয়ের রেকর্ড। তবু প্রথমবার অংশ নিয়েই শেষ পর্যন্ত ট্রফি জিতে নেয় দলটি।
আরকাদাগের অবিশ্বাস্য উত্থান ও দীর্ঘ অপরাজেয় ধারাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। মাত্র কয়েক বছরের মধ্যে অখ্যাত একটি ক্লাব থেকে তারা পরিণত হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত এক শক্তিতে, যার পেছনে ফুটবলীয় দক্ষতার পাশাপাশি রয়েছে রাষ্ট্রীয় শক্তির ছায়াও।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

