‘ইনফান্তিনো যুগ শেষ’, ফিফায় আমূল পরিবর্তনের ডাক লা লিগা প্রধানের

‘ইনফান্তিনো যুগ শেষ’, ফিফায় আমূল পরিবর্তনের ডাক লা লিগা প্রধানের

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ যেন ক্রমেই বাড়ছে। এবার সরাসরি তার নেতৃত্বের সমালোচনা করে ফিফায় নতুন শাসনব্যবস্থার দাবি তুলেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তার ভাষায়, ইনফান্তিনোর সময় শেষ হয়ে এসেছে এবং ফুটবলের স্বার্থে এখন প্রয়োজন আমূল পরিবর্তন।

বিজ্ঞাপন

২০১৩ সাল থেকে লা লিগার সভাপতির দায়িত্বে থাকা তেবাস মনে করেন, ইনফান্তিনো ফুটবলের উন্নয়নে অবদান রাখার বদলে এর মূল কাঠামোকেই ক্ষতিগ্রস্ত করছেন। ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির ব্যর্থ পরিকল্পনা নিয়েও এরই মধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। বিতর্কিত ওই পরিকল্পনার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

এর মধ্যে উয়েফা ও কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে। তার ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে উয়েফার মহাসচিব থাকাকালে এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠায়। তবে ইনফান্তিনো ওই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। সব মিলিয়ে বর্তমান ফিফা সভাপতির অবস্থান নড়বড়ে মনে করছেন তেবাস।

ফরাসি সংবাদমাধ্যম ‘লে মোন্দে’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, জিয়ান্নি ইনফান্তিনোর সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। সাম্প্রতিক ঘটনার কারণে আমি এটা বলছি না। আমি এই ধরনের ব্যবস্থাপনা পদ্ধতি দীর্ঘদিন ধরে খেয়াল করেছি, যদিও মনে হচ্ছে সবাই কেবল এটা আবিষ্কার করেছে।’

ইনফান্তিনোর কর্মকাণ্ড নিয়ে আরও কঠোর তেবাস। তিনি বলেন, ‘জিয়ান্নি ইনফান্তিনো এমন কেউ নন, যিনি ফুটবলের উন্নয়নে অবদান রাখেন। বরং তার প্রকল্পগুলো ফুটবলের মূল সত্তাকে ধ্বংস করছে: জাতীয় লিগগুলো। ফুটবল শুধু অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার মতে, ইনফান্তিনো যুগ শেষ।’

তবে শুধু ইনফান্তিনোর বিদায়ই চান না তেবাস। তার প্রত্যাশা, নতুন সভাপতি এলে ফিফার পুরোনো কাঠামোও বদলাতে হবে। তিনি বলেন, ‘এখন দেখার বাকি কখন এটা কার্যকর হয় এবং তার উত্তরসূরি কীভাবে নির্বাচিত হন। আমি আশা করব এটা কেবল একটা লোকের জায়গায় আরেকজনকে আনার মতো ব্যাপার হবে না, আমূল পরিবর্তন হবে।’

ফিফার বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে বিতর্কের পরও উয়েফা বিশ্বকাপ বয়কটের অবস্থান থেকে সরে আসেনি। এই পরিস্থিতি নিয়েও বিস্মিত নন তেবাস। বরং দীর্ঘদিন ধরে নীরব থাকা ফুটবল সংশ্লিষ্টদের আচরণই তাকে বেশি অবাক করেছে। তেবাসের ভাষায়, ‘যা ঘটছে, তা আমাকে অবাক করছে না। আমাকে অবাক করে অনেক মানুষের প্রতিক্রিয়া, যারা বছরের পর বছর ধরে চুপ করে ছিল।’

তার মতে, চলমান সংকট কোনো একক ব্যক্তির সমস্যা নয়; বরং ফিফার পুরো ব্যবস্থাপনার মধ্যেই রয়েছে বড় ধরনের ত্রুটি। ‘এই ঘটনাটি ফিফা নামক একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বৃহত্তর অর্থে ফুটবল জগতে যা কিছু ঘটে চলেছে, তার একটি ক্ষুদ্র অংশ মাত্র; যেখানে কোনো প্রকৃত সুশাসন নীতি নেই। এবং সমস্যাটি কোনো একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি সম্পূর্ণ ব্যবস্থা সম্পর্কিত।’—বলেন তেবাস।

তাই ইনফান্তিনোর পরিবর্তনের পাশাপাশি পুরো ব্যবস্থায় পরিবর্তন চান লা লিগা প্রধান। তার আশা, নতুন নেতৃত্ব ফুটবলের নিয়ন্ত্রণ ও পরিচালনায় ভিন্ন ধারা নিয়ে আসবে, *‘মানুষ বদলালেও পুরোনো ব্যবস্থা টিকে থাকতে পারে। আশা করি, পরিস্থিতির সত্যিই পরিবর্তন হবে। একজন নতুন নেতা আসবেন এবং ফিফাতে নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’

ফলে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিতর্ক এখন আর শুধু ফিফার অভ্যন্তরীণ বিষয় নয়; ইউরোপীয় ফুটবলের বড় অংশের মধ্যেও তা গভীর অসন্তোষের জন্ম দিয়েছে। আর সেই তালিকায় এবার আরও জোরালো কণ্ঠে যোগ হলো লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের নাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন