বোরকা পরায় লেবার রুমে নার্সদের ঢুকতে বাধা, প্রতিবাদে বিক্ষোভ

বোরকা পরায় লেবার রুমে নার্সদের ঢুকতে বাধা, প্রতিবাদে বিক্ষোভ
ছবি: এনডিটিভি

ভারতের জম্মুতে ডোডা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ করেছেন শিক্ষানবিশ নার্সরা। তাদের অভিযোগ, বোরকা পরার কারণে গাইনোকোলজি বিভাগের লেবার রুমে তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এ ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার ডোডা মেডিকেল কলেজের গাইনোকোলজি বিভাগের প্রধান ডা. মধু চিবের বিরুদ্ধে বিক্ষোভ করেন নার্সিং ইন্টার্নরা। তাদের অভিযোগ, বোরকা পরার কারণে তিনি এক নার্সিং শিক্ষার্থীকে লেবার রুম থেকে বের হয়ে যেতে বলেন। এর প্রতিবাদে ইন্টার্নরা কাজ বর্জন করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন।

বিজ্ঞাপন

এক বিক্ষোভকারী ইন্টার্ন বলেন, ‘বৃহস্পতিবারও আমরা দেখেছি, একই কারণে দুই শিক্ষার্থীকে লেবার রুমের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে।’ তিনি এ ঘটনাকে তাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেন।

পরে হাসপাতাল প্রশাসন হস্তক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতাল কর্তৃপক্ষ সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

তবে ভারপ্রাপ্ত মেডিকেল সুপার ডা. ইরফান তাসাদ্দুক বলেন, ডা. মধু চিব শুধু কেবল ইন্টার্নদের তাঁদের ঢিলেঢালা পোশাক ঠিকঠাক করে নিতে এবং তার ওপর গাউন পরতে বলেছিলেন। তিনি আরও বলেন, রোগীদের সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় এমন সংবেদনশীল এলাকায় ডাক্তারদেরও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়।

বিক্ষোভের অবসান হলেও ঘটনাটি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডোডার বিধায়ক মেহরাজ মালিক বিষয়টি স্বাস্থ্য মন্ত্রী সাকিনা ইটুর কাছে তুলে ধরেছেন। ন্যাশনাল কনফারেন্সের প্রধান মুখপাত্র তানভীর সাদিক বলেন, সংবিধান নাগরিকদের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছে।

তিনি বলেন, কোনো নারী হিজাব পরবেন কি না, তা তার ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতার বিষয়। এ বিষয়ে কারও বিধিনিষেধ আরোপ করা উচিত নয়।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন